ঢাকা: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় চট্টগ্রাম সিটির জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে সেগুলো দ্রুত অপসারণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও আনোয়ারুল আশরাফ খান অংশ নেন। সভায় গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, সিডিএ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর এবং হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের চলমান প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় চট্টগ্রাম সিটির জলাবদ্ধতা নিরসনে খালগুলোর আবর্জনা দ্রুত পরিস্কারের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেয়া হয়। এ ছাড়া স্থায়ী জনবল নিয়োগের মাধ্যমে কেউ যেন আবর্জনা না ফেলতে পারে বা আবর্জনা ফেললে জরিমানা করার সুপারিশ করা হয়।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন