চলমান ডেস্ক: আগ্নেয়গিরি ও সুনামিতে বিপর্যস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গায় অত্যন্ত জরুরি সহায়তা পৌঁছে দিতে করোনা ভাইরাসে আক্রান্ত নাবিকদের নিয়ে অস্ট্রেলিয়ার একটি যুদ্ধজাহাজ বুধবার (২৬ জানুয়ারি) ‘নো-কন্টাক্ট’ প্রটোকলের অধীনে টোঙ্গায় নোঙর করছে।
টোঙ্গার স্বাস্থ্য মন্ত্রী সায়া পিউকালা বলেছেন, ‘যুদ্ধ জাহাজ এইচএমএএস অ্যাডিলেডের ক্রুরা এ মহাসাগরীয় দ্বীপ দেশটি সংক্রমণমুক্ত রাখতে কঠোর স্বাস্থ্য বিধি অনুসরণ করবে। এখনো বিশ্বে যে কয়টি দেশ করোনাভাইরাস মুক্ত রয়েছে, টোঙ্গা এগুলোর একটি।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘জাহাজটি নোঙর করবে ও কারো কোন সংস্পর্শ ঘটবে না, কারো সাথে যোগাযোগ করা হবে না। অস্ট্রেলীয়রাই তাদের কার্গো আনলোড করবে ও নোঙর ত্যাগ করে চলে যাবে।’
গত ১৫ জানুয়ারি অগ্ন্যুৎপাত, সুনামি ও বিষাক্ত ধোঁয়া ও ছাইয়ে দেশটি ঢেকে যাওয়ার পরে আন্তর্জাতিক সহায়তার অংশ হিসাবে অ্যাডিলেড মোতায়েন করা হয়েছিল। জাহাজটি প্রায় ৮০ টন ত্রাণ সামগ্রী বহন করছে, যার মধ্যে রয়েছে পানি, মেডিকেল কিট ও প্রকৌশল সরঞ্জাম।
ক্যানবেরায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) কর্মকর্তারা বলেছেন, ‘ব্রিসবেন থেকে জাহাজটি ছাড়ার আগে সব ক্রুর টেস্ট করা হয়, এতে সবারই নেগেটিভ আসে। পরে জাহাজে টেস্ট করা হলে ২৩ জনের করোনা শনাক্ত হয়।’
সায়া পিউকালা বলেন, ‘বুধবার (২৬ জানুয়ারি) নাগাদ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন।’
জাহাজটিতে ৬০০ বেশী ক্রু রয়েছেন, সবাই পুরোপুরি টিকা নিয়েছেন।
অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার (২৫ জানুয়ারি) বলেছে, ‘প্রাথমিকভাবে শনাক্ত ২৩ জনের মধ্যে কোন উপসর্গ নেই বা তারা হালকা আক্রান্ত।’
জাহাজটিতে ৪০ শয্যার হসপিটাল রয়েছে। যাতে অপারেশন থিয়েটার ও গুরুতর অসুস্থ রোগীদের জন্য ওয়ার্ড রয়েছে।
পিউকালা আরো বলেন, ‘অ্যাডেলেডসহ আন্তর্জাতিক সব ত্রাণ সামগ্রী কনট্রাকলেস প্রটোকল মেনে তিন দিন আইসোলেশনে পরে থাকবে। এ সময়ের মধ্যে কোন টোঙ্গান এগুলো স্পর্শ করবে না। এরপরে এসব ত্রাণ হ্যান্ডেলিং শুরু হবে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন