চরম বেকারত্ব আর ক্ষুধার জ্বালা সইতে না পেরে শেষ পর্যন্ত বাঁচার তাগিদে কারাগারকেই নিজের গন্তব্য হিসেবে বেছে নিয়েছে রাশিয়ার এক যুবক।
২০ বছর বয়সী ওলেগ নামের ওই তরুণ কাজ খুঁজে পেতে ব্যর্থ হওয়ার পর সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই বিচিত্র ও বেদনাদায়ক পথ বেছে নেন। রাশিয়ার বাশকর্তোস্তান প্রজাতন্ত্রের বাসিন্দা এই যুবক মনে করেন, কারাগারের চার দেয়ালের ভেতরেই অন্তত তার মাথার ওপর নিরাপদ ছাদ এবং দুবেলা খাবারের নিশ্চয়তা মিলবে।
হাইস্কুলের পাঠ চুকিয়ে সামরিক বাহিনীতে দায়িত্ব পালন শেষ করেছিলেন ওলেগ। এরপর রাশিয়ার উফা শহরে কাজের সন্ধানে নামেন তিনি। তবে দীর্ঘ প্রচেষ্টার পরও কোনো কর্মসংস্থান জোগাড় করতে না পেরে চরম হতাশা ও অর্থকষ্টে নিমজ্জিত হন। থাকার জায়গা আর খাবারের সংস্থান না থাকায় তিনি পরিকল্পনা করেন এমন কোনো অপরাধ করার, যার ফলে তাকে সরাসরি কারাগারে পাঠানো হয়। গত গ্রীষ্মে টানা তিন দিন অভুক্ত অবস্থায় কাজ খুঁজে ব্যর্থ হওয়ার পর তিনি প্রথমে একটি হোটেলে ঢুকে বোমা হামলার হুমকি দেন। সেখানে তাকে কেউ বিশ্বাস না করলে তিনি জানালা দিয়ে লাফিয়ে পাশের একটি বিমানবন্দরে গিয়ে চিৎকার করে নিজের কাছে বিস্ফোরক থাকার দাবি করেন।
বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে আটকে পুলিশের হাতে তুলে দিলে ওলেগ অকপটে স্বীকার করেন, কেবল গ্রেফতার হওয়ার লক্ষ্যেই তিনি এই মিথ্যা বোমার নাটক সাজিয়েছিলেন। পরবর্তীতে চিকিৎসকদের একটি দল তাকে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করে।
আদালত তাকে তিন বছর তিন মাসের কারাদণ্ড দিলে ওলেগ বিন্দুমাত্র বিচলিত না হয়ে বরং সন্তোষ প্রকাশ করেন। তার মতে, অন্তত আগামী কয়েক বছর তাকে অনাহারে থাকতে হবে না এবং আশ্রয়ের জন্য পথে পথে ঘুরতে হবে না।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন