চট্টগ্রাম : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডে বিশাল ক্ষতি হয়েছে। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে।’
সোমবার (৬ জুন) চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাংসদ দিদারুল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘অগ্নি দুর্ঘটনার পর আর্তমানবতার সেবায় মানুষ এগিয়ে এসেছে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমরা এ রকম মানবিক বাংলাদেশ চাই।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। আমাদের সরকার জবাবদিহিতায় বিশ্বাসী। তদন্ত শেষে সবকিছুর জবাব দেয়া হবে।’
পরে প্রতিমন্ত্রীদ্বয় ও উপমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডে আহতদের দেখতে যান ও তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন