শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন না হলে গণতন্ত্র চর্চা সম্ভব হয় না উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাংসদ গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘ফের ক্ষমতাহীন নিরপেক্ষ নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করতে পারে না। কারণ, ক্ষমতাহীন নির্বাচন কমিশনকে দলীয় সরকারের মুখপেক্ষী হতে হয়। তাই ক্ষমতাবান নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নেই। এ জন্যই আমরা ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি করতে প্রস্তাব করেছি। নির্বাচন কমিশন গঠনে আইন হয়েছে কিন্তু কমিশনকে ক্ষমতা দেয়া হয়নি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক সাংসদ ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম কাদের আরো বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশ দ্বার, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব হয় না। আর গণতন্ত্র না থাকলে রাষ্ট্রের কোথাও জবাবদিহীতা থাকে না। তাই, সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনিবার্য।’

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির দেয়া প্রস্তাবনা জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো রেজাউল ইসলাম ভূইয়া, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, স্বেচ্ছাসেকব পার্টির দপ্তর সম্পাদক মো কামাল হোসেনসহ পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন