চলমান ডেস্ক:
গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ নভেম্বর) সকাল ৭টা ২৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
স্থানীয় সময় শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৯) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার দিকে যাত্রা করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা এবং ফ্রান্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এর আগে গত ৩১ অক্টোবর জলবায়ু বিষয়ক সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ সাইডলাইনে বেশ কয়েকটি সভায় অংশ নেন শেখ হাসিনা।
‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’ এর সংলাপে সভাপতি হিসেবে অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো প্রতিশ্রুত তহবিল না দেওয়ায় ঝুঁকিপূর্ণ দেশগুলো আরও অসহায় হয়ে পড়েছে।
৩ নভেম্বর স্কটল্যান্ড থেকে লন্ডন আসেন প্রধানমন্ত্রী। সেখানে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শোর উদ্বোধনসহ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে ৯ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিস যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে যান। ইনভ্যালিডসে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয় সফররত শেখ হাসিনাকে।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী জিন ক্যাসট্যাক্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস পিস ফোরামের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা।
এইদিকে প্রধানমন্ত্রীর এ সফরকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যা দিয়ে তার সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এই সফরে প্রধানমন্ত্রীকে যে সম্মান জানানো হয়েছে, এ ধরনের সম্মান আগে কখনও বাংলাদেশের কোনো রাষ্ট্র ও সরকারপ্রধান পাননি।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন