শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে সিপিবির সমাবেশ চট্টগ্রামে

বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: স্থায়ী রেশনিং চালু, পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান, টিসিবির বিক্রি বাড়ানো ও কঠোর হাতে সিন্ডিকেট দমনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম সিটির কোতোয়ালি থানা।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় সিটির কোতোয়ালির পাথরঘাটা পাঁচবাড়ির মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও রাশিদুল সামিরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা, সম্পাদক মন্ডলীর সদস্য নুরুচ্ছাফা ভূঁইয়া, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, ছাত্র নেতা অভিজিৎ বড়ুয়া ও মাহবুবা জাহান রুমি।

সমাবেশে বক্তারা বলেন, ‘করোনার আঘাতে মানুষ যখন বিপর্যস্ত, তখন ‘দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া’র ধাক্কায় মানুষের দৈনন্দিন জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুতদারদের ‘পাহারাদার’ হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। চাল, ডাল, তেল, চিনি ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সিন্ডিকেটের দখলে। সিণ্ডিকেট ও লুটপাটের ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে।’

বক্তারা আরো বলেন, ‘দেশের গরীব ও মধ্যবিত্ত মানুষের আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় মানুষ নৈমিত্তিক জীবন যাপন করতে হিমশিম খাচ্ছে। লুটপাটতন্ত্র, ঘুষ, দূর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা জনজীবনকে দূর্বিসহ করে তুলেছে। কর্তৃত্ববাদী জীবন ব্যবস্থার যাঁতাকলে মানুষ পিষ্ট।’

তাই বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে টিসিবির পণ্য বিক্রি বাড়াতে হবে এবং স্থায়ী রেশনিং ও গণবণ্টন ব্যবস্থা চালু, পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান খোলা ও সরকারি উদ্যোগে নিত্যপণ্য রাখার স্টক গড়ে তোলার দাবি জানান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন