চবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিভাগের প্রথম বর্ষের পাঠকক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এসময় নবীণ শিক্ষার্থীদের ফুল, সিলেবাস, ক্লাস রুটিন ও শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
পরে বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানান।
ক্যাম্পাসের প্রথম দিন সম্পর্কে জানতে চাইলে আরবি বিভাগের নবীন শিক্ষার্থী জুবায়ের হোসেন বলেন, আজকে আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস ছিল। আজ আমি অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শিক্ষক-শিক্ষার্থী ও প্রকৃতি সবকিছুই আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে।
আরবি বিভাগের আরেক নবীন শিক্ষার্থী নাদিয়া সুলতানা বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করলাম আজ। খুব ভালো লাগছে। এখানে এসে বিভিন্ন জেলা- উপজেলার মানুষদের সাথে মিশতে পারছি। এছাড়া, সবচেয়ে ভালো লাগার কারণ হলো এখানে কো-কারিকুলাম ও এক্সট্রা-কারিকুলামসহ নানান অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে।
বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের বিভাগে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করতে পেরে আমরা আনন্দিত। নবীনদের পদচারণায় আমাদের আরবি বিভাগ মুখরিত হয়ে গেছে। আমরা আশা করছি, এ শিক্ষার্থীরাই একদিন দেশের সম্পদ হয়ে এ বিভাগ থেকে বের হবে ইনশাআল্লাহ।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন