শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

নারায়ণগঞ্জ সিটির নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী আইভী

শনিবার, ডিসেম্বর ৪, ২০২১

প্রিন্ট করুন
06021d8b99828db86a8992de6bcd8745 61aa45690a446 1

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হয়েছেন সেলিনা হায়াৎ আইভী।

দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন তিনি। শুক্রবার (৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আইভীকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

গত সোমবার (২৯ নভেম্বর) বর্তমান আইভীর পক্ষে দলীয় কার্যালয় থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এবারের নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে চারজন নেতার নাম শোনা গিয়েছিল। এর মধ্যে থেকে আইভীকেই ফের বেছে নিল আওয়ামী লীগের হাইকমান্ড। বাকি তিনজন হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সিটি আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল ও সাধারণ সম্পাদক খোকন সাহা।

গত মঙ্গলবার (৩০ নভেম্বর) নাসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৯১তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকালে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়। ঘোষিত তফসিল অনুযায়ী- নাসিক নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। আর প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নাসিকের সবশেষ নির্বাচনে মেয়র নির্বাচিত হন আইভি রহমান। সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। বর্তমান সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের মেয়াদ ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। তাই মেয়াদ শেষ হওয়ার আগে ছয় মাসের মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন