রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

নিউইয়র্কবাসীকে নবী (সা.) এর হিজরতের গল্প শোনালেন মামদানি

রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬

প্রিন্ট করুন

অভিবাসন ইস্যুতে দেওয়া বক্তব্যে ইসলামী ইতিহাস টেনে ভিন্ন ভাবে আলোচনায় এসেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে সহমর্মিতা ও আশ্রয়ের পক্ষে যুক্তি তুলে ধরতে মহানবী হয়রত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর হিজরতের বিষয়টি টানেন মামদানি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) একটি আন্তধর্মীয় প্রাতরাশ সভায় মামদানি বলেন, আমি আমার নিজ ধর্ম ইসলামকে দেখি একটি অভিবাসনের কাহিনির ওপর প্রতিষ্ঠিত ধর্ম হিসেবে।

তিনি বলেন, হিজরতের কাহিনি আমাদের স্মরণ করিয়ে দেয়, মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও একজন পরবাসী ছিলেন। যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আশ্রয় পেয়েছিলেন।

নিউইয়র্ক সিটির মেয়র অভিবাসীদের সুরক্ষা জোরদার করা এবং সিটি সম্পত্তিতে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম সীমিত করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

তিনি বলেন, এটি অভিবাসী সম্প্রদায়, ব্যক্তিগত গোপনীয়তা এবং জননিরাপত্তার প্রতি শহরের প্রতিশ্রুতির প্রকাশ।

মামদানি বলেন, আমি এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করছি, যা শুধু আমাদের অভিবাসী নিউইয়র্কবাসীদের নয়। বরং সব নিউইয়র্কবাসীকেই অবৈধ ও নিপীড়নমূলক অভিবাসন প্রয়োগ থেকে সুরক্ষা দেবে।

নির্বাহী আদেশে মামদানি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা বিচারিক ওয়ারেন্ট ছাড়া নিউইয়র্ক সিটির কোনো সম্পত্তিতে প্রবেশ করতে পারবে না।

মামদানি জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো—অভিবাসন অবস্থান যাই হোক না কেন, সব বাসিন্দা যেন নির্ভয়ে শহরের সেবা গ্রহণ করতে পারেন। তিনি বলেন, কোনো নিউইয়র্কবাসী যেন কেবল অভিবাসী হওয়ার কারণে শিশু যত্নের মতো সেবার জন্য আবেদন করতে ভয় না পান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন