চলমান নিউইয়র্ক ডেস্ক: সরকার আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে মুহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ দিয়েছে।
সোমবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১১তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারে যোগদানকারী মুহিত রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন।’
পেশাগত কূটনীতিক মুহিত বর্তমানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভিয়েনায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন। একই সাথে তিনি হাঙ্গেরী, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ার অ্যাম্বাসেডার হিসেবে কনকারেন্টলি অ্যাক্রেডিটেশন দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। সেই সময়ে তিনি এস্তোনিয়া ও আইসল্যান্ডের কনকারেন্টলি অ্যাক্রেডিটেশনের দায়িত্ব পালন করেন।
মুহিত তার কূটনৈতিক জীবনে কুয়েত, রোম, দোহা ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনের পাশাপাশি নিউইয়র্কের জাতিসংঘের স্থায়ী মিশনের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আব্দুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস ডিগ্রী অর্জন করেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন