নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সম্প্রতি ব্যাপক হারে বেড়েছে বন্দুক হামলা। বাফেলো শহর ও টেক্সাসের স্কুলে ভয়াবহ বন্দুক হামলার পর কিছুটা নড়েচড়ে বসেছে দেশটির কর্তাব্যাক্তিরা। আলোচনায় এসেছে বন্দুক আইন সংস্কার নিয়ে। আর সেই কার্যক্রমে প্রথম পদক্ষেপ বাড়িয়েছে নিউইয়র্ক। বন্দুক আইন সংস্কারে বেশ কয়েকটি বিল উত্থাপন করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।
গভর্নর ক্যাথি হোকুল এবং নিউইয়র্ক রাজ্যের অন্যান্য ডেমোক্র্যাটরা মোট ১০ টি বিল উত্থাপন করেছেন। যেগুলো বন্দুক আইনকে আরো কঠোর, মজবুত করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। তাছাড়া এই নতুন বিল বন্দুক আইনের ফাঁকফোকর গুলো বন্ধ করে অপরাধ কমাতে সাহায্য করবে বলেও মতামত অ্যাসেম্বলিম্যান ও সিনেটরদের। তবে এই পরিবর্তনের ঘোর বিরোধীতা করেছেন রিপাবলিকানরা।
প্রস্তাবিত আইনের মধ্যে বলা হয— আধা-স্বয়ংক্রিয় রাইফেল কেনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হচ্ছে। নতুন এই বিলের আওতায় রাজ্য, স্থানীয় এবং ফেডারেল সংস্থাগুলো একে অপরকে প্রযোজনীয় তথ্য সরবরাহ করবে।
একটি বিল আইন প্রয়োগকারী বা নিরাপত্তা কাজে নিয়োজিত নয় এমন ব্যাক্তিদের বডি বর্ম কিনতে বাধা দেবে। এছাড়া নতুন আইনের আওতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি ও জবাবদিহি বাড়ানো হবে। আরেকটি বিলে ‘রেড ফ্ল্যাগ আইনের’ আওতায় ঝুঁকিপূর্ণ ব্যাক্তিদের কাছ থেকে বন্দুক বাজেয়াপ্তের আনুমতি দেয়া হয়।
নিউইয়র্কের স্পিকার কার্ল হেস্টি বলেছেন, “আমরা আমাদের লাল পতাকা আইনকে শক্তিশালী করব যাতে যারা নিজেদের এবং অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ তারা কোন ক্ষতি না করতে পারে।”
নিউইয়র্কার্স অ্যাগেইনস্ট গান ভায়োলেন্সের নির্বাহী পরিচালক রেবেকা ফিশার বলেন, “আমি সত্যিই এই বিলগুলো নিয়ে আশাবাদী। দেশে চলমান সংকট মোকাবেলায় বিলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মনে করি কানেকটিকাট, এবং নিউজার্সি, ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যগুলির জন্য, এই আইনগুলিকে একটি মডেল হিসাবে ব্যবহার করা যেতে পারে।”
নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস সতর্ক করে বলেছেন, “সুপ্রিম কোর্ট যদি রাজ্যের গোপন বহন আইনকে বাতিল করে দেয়, তবে এটি শহরে সড়ক আরও বিপজ্জনক করে তুলবে। আমাদের শহরে নিরাপদে চলাচলের অধিকার আমাদের থাকতে হবে। আমরা তাই প্রস্তাবিত বন্দুক আইনের বিলগুলো পাস হোক।”

তবে বেশিরভাগ নিউইয়র্ক রিপাবলিকানরা নতুন প্রস্তাবগুলোর বিপক্ষে কথা বলছেন। তাদের বক্তব্য বন্দুক আইনের সংস্কারের চেয়ে মানসিক স্বাস্থ্য এবং আরও স্কুল রিসোর্স অফিসারের উপর নজরদারি বাড়ানো উচিত।
রিপাবলিক এলিস স্টেফানিক বলেন,”আমি বন্দুক নিয়ন্ত্রণ সমর্থন করি না। আমি আইন মেনে চলা নাগরিকদের সাংবিধানিক অধিকারের পক্ষে দাঁড়াচ্ছি। কিন্তু এমন কাজ আছে যা আমাদের করতে হবে তা হল মানসিক স্বাস্থ্যের তহবিল বৃদ্ধি করা এবং স্কুল রিসোর্স অফিসারদের জন্য সেই সংস্থানগুলি বৃদ্ধি করা।”
ডাচেস কাউন্টির নির্বাহী এবং কংগ্রেসের রিপাবলিকান প্রার্থী মার্ক মোলিনারো বলেছেন, “নিউইয়র্কের রেড ফ্ল্যাগ আইন ১৮ বছর বয়সী বাফেলো শুটারকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। হামলাকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণ্য এবং হিংসাত্মক বার্তা পোস্ট করেছে। তার বিরুদ্ধে আরো আগে পদক্ষেপ নেওয়া গেলে হামলার ভয়াবহতা কমিয়ে আনা যেতো।”

এইদিকে সকল আলোচনা সমালোচনা উড়িয়ে দিয়ে গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, “আমাদের প্রস্তাবিত এই বিলগুলো রাজ্যে অপরাধ কমাতে সাহায্য করবে। আমাদের কাছে এমন একটি প্যাকেজ আছে যা নিয়ে লোকেরা গর্বিত হবে। এটি আইনের কিছু ফাঁকফোকর বন্ধ করে দেবে। এছাড়া ১৮ বছর বয়সী যারা স্থানীয় বারে বিয়ার কিনতে পারে না তারা বন্দুক কিনতে সক্ষম হবে না। আমরা অবিলম্বে বন্দুক আইনের পরিবর্তন করতে যাচ্ছি।”
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন