সোমবার, ২৩ মার্চ ২০২৬

শিরোনাম

নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত

সোমবার, মার্চ ২৩, ২০২৬

প্রিন্ট করুন

নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় এয়ার কানাডা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমানের সাথে অগ্নিনির্বাপক ট্রাকের ভয়াবহ সংঘর্ষে বিমানের পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সকালে ঘটা এই দুর্ঘটনায় আরও নয়জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পোর্ট অথরিটি অব নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সি জানায়, অগ্নিনির্বাপক ট্রাকটি অন্য একটি বিমানের জরুরি প্রয়োজনে সাড়া দিতে যাওয়ার সময় রানওয়েতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জ্যাজ এভিয়েশন দ্বারা পরিচালিত এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরজে-৯০০ মডেলের বিমানটি ৭২ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে মন্ট্রিল থেকে নিউ ইয়র্কে আসছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার-২৪- জানায়, প্রায় ২৪ মাইল বেগে অবতরণের সময় বিমানটি ট্রাকটিকে আঘাত করে।

দুর্ঘটনার মুহূর্তের রেডিও ট্রান্সমিশনে শোনা যায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলার একটি যানবাহনকে রানওয়ে পার হওয়ার অনুমতি দিলেও ঠিক পর মুহূর্তেই চিৎকার করে সেটি থামানোর চেষ্টা করেন। তিনি বারবার ‘ট্রাক-১ থামো, থামো’ বলে সতর্ক করলেও ততক্ষণে সংঘর্ষ ঘটে যায়। এরপর দ্রুত অন্যান্য আগত বিমানগুলোকে অবতরণ না করে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

দুর্ঘটনার পর দেখা যায় বিমানের সামনের অংশ (নোজ) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, অগ্নিনির্বাপক ট্রাকটি উল্টে একপাশে পড়ে থাকতে দেখা যায়। জানা গেছে, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক গন্ধ পাওয়ার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল এবং সেই সহায়তা দিতেই ট্রাকটি সেখানে যাচ্ছিল।

এই ঘটনার পর লা গার্ডিয়া বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্তত ১৮টি ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইতিমধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন