শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে মুসলিম হত্যা, বাইডেনের শোক

মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে চার মুসলিমকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। চার মুসলিমকে হত্যায় যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় সময় রোববার (৭ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি আলবুকার্কের চার মুসলিম পুরুষের রোমহর্ষক হত্যাকাণ্ডে ক্ষুব্ধ ও ব্যথিত। আমরা পূর্ণ তদন্তের অপেক্ষায় রয়েছি।

তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমার প্রশাসন মুসলিম সম্প্রদায়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। এসব ঘৃণ্য হামলার স্থান আমেরিকায় নেই।’

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর আলবুকার্ক। গত শনিবার শহরের পুলিশ জানিয়েছিল, তিন মুসলিম পুরুষকে হত্যার ঘটনা তারা তদন্ত করছে। এখন চতুর্থ হত্যাকাণ্ডের ঘটনায়ও একই যোগসূত্র সন্দেহ করছে তারা। গত বছর থেকে পৃথক ঘটনায় এই চারজন নিহত হন।

এক বিবৃতিতে আলবুকার্ক পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার সর্বশেষ ব্যক্তির খোঁজ পায় গত শুক্রবার রাতে। তার মরদেহ লুথেরান ফ্যামিলি সার্ভিস কার্যালয়ের কাছে পাওয়া যায়। প্রতিষ্ঠানটি শরণার্থীদের সহযোগিতা দিয়ে থাকে বলে জানা গেছে।

পুলিশ নিহত ওই পুরুষের পরিচয় প্রকাশ করেনি। তবে তারা জানিয়েছে, তিনি ২০ বছর বয়সী মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। পুলিশ বলছে, তদন্ত কর্মকর্তারা মনে করছেন, দক্ষিণ এশিয়া থেকে আসা বাকি তিন মুসলিমকে হত্যার সঙ্গে শুক্রবারের হত্যাকাণ্ডেরও যোগসূত্র থাকতে পারে।

এর আগে নিহত ব্যক্তিদের দুজন পাকিস্তানি মুসলিম। ২৭ বছর বয়সী একজনের মরদেহ পাওয়া যায় ১ আগস্ট। এর আগে গত ২৬ জুলাই ৪১ বছর বয়সী অপরজনের মরদেহের খোঁজ মেলে। আরেক আফগান মুসলিমের মরদেহ পাওয়া যায় গত বছরের ৭ নভেম্বর। 

এইদিকে এসব হত্যাকাণ্ডের ঘটনায় শহরের মুসলিম বাসিন্দাদের মধ্যে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিউ মেক্সিকোর ইসলামিক সেন্টারের পাবলিক অ্যাফেয়ার্স পরিচালক তাহির গাউবা আলবুকার্ক জার্নালকে বলেন, এখন মানুষ আতঙ্কিত হতে শুরু করেছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন