মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

ন্যাটোর মহড়ায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৪

শনিবার, মার্চ ১৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ন্যাটোর সামরিক মহড়ায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান নরওয়েতে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানটিতে থাকা চারজন মার্কিন সেনা নিহত হন। শনিবার নরওয়ের সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ‘কোল্ড রেসপন্স’ নামে এই সেনা মহড়ায় ন্যাটো ও জোটভুক্ত দেশগুলোর অন্তত ৩০ হাজার সেনা অংশ নিয়েছেন। মহড়ায় ২০০ যুদ্ধবিমান এবং ৫০টি যুদ্ধজাহাজ রয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত চলবে এই মহড়া।

শনিবার নরওয়ের প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় লিখেন, গতকাল শুক্রবার রাতে বিমান বিধ্বস্তে ৪ মার্কিন সেনা নিহতের খবর পেয়েছেন। বিধ্বস্তের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নরওয়ে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার নরওয়ে পুলিশ ও দেশটির জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের (জেআরসিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভি-২২ অসপ্রে মডেলের ওই বিমান ন্যাটোর মহড়া চলাকালীন নিখোঁজ হয়। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়ের সামরিক বাহিনীর একটি বিমান তল্লাশি অভিযান চালিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে নরওয়েতে দুইদিন আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো মহড়া শুরু করে।মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমভি-২২বি অসপ্রে উড়োজাহাজটি স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে উত্তর নরওয়ের বোদো এলাকায় বিধ্বস্ত হয়। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে অংশ নেওয়া হেলিকপ্টার ঘটনাস্থলে অবতরণ করতে বেশ অসুবিধা হয়। শনিবার সকালে বিধ্বস্তের ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে নরওয়ের প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত এলাকা আছে। ৩০ হাজার সেনা, ২০০টি বিমান ও ৫০টি যুদ্ধজাহাজ নিয়ে শুরু হয়েছে ন্যাটোর এ মহড়া। এ মহড়ার মধ্য দিয়েই রাশিয়ার প্রতি ন্যাটো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কি না, উঠছে সে প্রশ্ন? তবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সামরিক জোটের শীর্ষ কর্মকর্তারা। মহড়ার দায়িত্বে থাকা জেনারেল ইংভে ওডলো বলেছেন, ‘এ মহড়ার পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল। এটি একটি প্রতিরক্ষামূলক অনুশীলনমাত্র। কোনো আক্রমণের উদ্দেশ্যে এ সামরিক মহড়া নয়।’

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন