শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

পদবঞ্চিত বিএনপি নেতাদের অভিমানে পণ্ড আমির খসরুর মিলনমেলা

বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪

প্রিন্ট করুন
bnp 3 1

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন রিলেশান কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরীর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষ্যে গত ১৮ জুন বাংলাদেশ জাতীয়তাবাদি শক্তির ব্যানারে সম্মিলিত গেটটুগেদার অনুষ্ঠানের আয়োজন করলেও অনুষ্ঠানের ঠিক আগের দিন সভাটি বাতিল করা হয়। নিউইয়র্কে স্বনামধন্য ওয়ার্ড ফেয়ার মেরিনায় সভাটি হওয়ার কথা ছিল। নতুন একটি কমিটিতে পদবঞ্চিত হয়ে ক্ষোভের বশবর্তী হয়ে এ অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে। অনুষ্ঠানটি বাতিল হওয়ার তিনদিন পর এক বিএনপি নেতার বাড়ির ব্যাকইয়ার্ডে আঞ্চলিক লোকজন নিয়ে ভোজের আয়োজন করা হয়। এতে গোটা ৫০ জনের মত চাঁটগার লোক উপস্থিত ছিলেন। ভোজের আয়োজনটির নাম দেয়া হয় আফটার ঈদ পার্টি। 

এদিকে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে আওয়ামীলীগ আমলে দমন পীড়নের সময় ঐক্যবদ্ধ না থেকে এ ধরনের আভ্যন্তরীন আন্ত:দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় যুক্তরাষ্ট্র বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে  এবং দলীয় নেতাকর্মীরা হতাশা প্রকাশ করেছেন। একই সাথে ব্যাকইয়ার্ডের অনুষ্ঠানকে দলীয় সভা বলে নিউইয়র্কের স্থানীয় দুই তিনটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় নিউইয়র্কে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা উম্মা প্রকাশ করেছেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদি শক্তির ব্যানারে সম্মিলিত গ্রেটটুগেদার সভা বাতিল প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম বলেন, এমন ঘটনায় আমরা মর্মাহত। যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব কেন্দ্রীয় নেতার সামনে প্রদর্শন ঠিক হয়নি। এতে যুক্তরাষ্ট্র বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। পদ প্রত্যাশীরা পদ পায়নি বলে কেন্দ্রীয় নেতার সাথে মতবিনিময় সভায় বসবেনা, বিষয়টি ন্যক্কারজনক। আমি আশাবাদী ছিলাম আমাদের নেতাকর্মীরা সম্মিলিতভাবে একটি জায়গায় বসবো। যদি সভাটি হতো তাহলে যুক্তরাষ্ট্র বিএনপির অভ্যন্তরীন কোন্দল অনেকাংশে নিরসন হয়ে যেতো। 

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুঁইয়া বলেন, কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রে বিএনপির একটি নতুন কমিটি এসেছে। সে কমিটিতে যারা দায়িত্বে আসার কথা ছিলো তারা দায়িত্ব না পাওয়ায় রাগে ক্ষোভে অনুষ্ঠানের ঠিক আগের দিন অনুষ্ঠানটি বাতিল করে দেন। এছাড়াও সদ্য নিযুক্ত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীনের পূর্বের সহ-আন্তর্জাতিক সম্পাদক পদে সিনিয়র নেতাদের বাদ দিয়ে সদ্য বিএনপিতে আসা বিএনপি নেতা নাহিদ খান চাহিলকে পদোন্নতি দেয়ায় পদ প্রত্যাশীরা এ মনোনয়নকে মেনে নিতে পারেনি। তিনি আরো বলেন, ৩০/৩৫ বছর ধরে যারা বিএনপি করছেন তাদের বাদ দিয়ে এহেন কাজ সবার মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দেয় আর আমির খসরু মাহমুদের সাথে সম্মিলিত গ্রেটটুগেদারের অনুষ্ঠান বাতিল সে ক্ষোভের বহিপ্রকাশ।

এদিকে নিউইয়র্কে আসার পর দলীয় আনুষ্ঠানিকতার বাইরে এসে আমির খসরু মাহমুদ চৌধুরী একটি ব্যক্তিগত পরিচিতি ও মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেন।  যার প্রেক্ষিতে ২২ জুন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের বাসভবনে ভোজন ও পরিচিতি সভার সভার আয়োজন করা হয়। এই পার্টির নাম দেওয়া হয় আফটার ঈদ পার্টি। আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত পরিচিতিমূলক এ আলোচনা সভাকে নিউইয়র্কের কয়েকটি স্থানীয় পত্রিকা দলীয় সভা বলে উল্লেখ করে উপস্থিতির নামসহ প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু অনুষ্ঠানের ভিডিও বক্তব্যে দেখা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন রিলেশান কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী বারবার এ সভাকে কোন দলীয় সভা নয় বলে উল্লেখ করেন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সনের সদ্য নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা বেবি নাজনীন বলেন, এটা কোন দলীয় সভা ছিলোনা। পত্রিকায় পারিবারিক একটা সভাকে দলীয় সভা বলে চালানো হয়েছে।

নিউইয়র্ক স্টেট বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি মাওলানা অলি উল্যাহ জানান, আমির খসরু মাহমুদের সাথে নিউইয়র্ক স্টেট বিএনপি, উত্তর ও দক্ষিন এর নির্বাচিত নেতাকর্মীদের সাক্ষাৎ হয়েছে। তবে আমির খসরুর সাথে সম্মিলিতভাবে গ্রেটটুগেদারের বিষয়টি জানেননা।

গত ২৪ জুন যুক্তরাষ্ট্র বি.এন.পি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বাদ মাগরিব জ্যাকসন জাইটসের শেফ মহাল রেস্টুরেন্টে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীনের নেতৃত্বে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও আলোচনার আয়োজন করা হলেও, অনাকাংখিতভাবে সে  দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠানও বাতিল হয়ে যায়।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র বিএনপির কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া বলেন, আরও একটি কমিটি এসেছে যে কমিটিতে যুক্তরাষ্ট্র বিএনপির কিছু নেতৃবৃন্দকে অন্তর্ভুক্তির কথা ছিলো। কিন্তু তাদের বাদ দিয়ে কিছু অযোগ্য, অদক্ষ্য লোককে দায়িত্ব দেয়ায় আবারও রাগে ক্ষোভে পদবঞ্চিত নেতারা দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠান বাতিল করে দেন।

ব্যাকইয়ার্ডের অনুষ্ঠান বিএনপির সভা বলে পত্রিকায় খবর আসা প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, এটি একটি পারিবারিক দাওয়াত অনুষ্ঠান ছিল। কোন মাইক ব্যানার ব্যবহার করা হয়নি। খসরু সাহেবের এলাকার লোকজনের সাথে দেখা সাক্ষাত হয়। আমি আগতদের ধন্যবাদ জানাই। কোন সাংবাদিককে দাওয়াত দেওয়া হয়নি। কোন পত্রিকায় কি লিখেছে সেটাও আমি জানিনা। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন