শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ‘১০ ‘সন্ত্রাসী’ নিহত

শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬

প্রিন্ট করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় নিরাপত্তাবাহিনীর পরিচালিত এক অভিযানে ‘ভারত-সমর্থিত’ ‘১০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

আইএসপিআর জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ঝোব জেলায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযানে (আইবিও) আটজন ভারত-সমর্থিত জঙ্গিকে সফলভাবে নিষ্ক্রিয় করার পর ২৫ ফেব্রুয়ারি সেখানে বিস্তৃত এলাকা তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের লক্ষ্য ছিল ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠী ‘ফিতনা আল খাওয়ারিজ’-এর সঙ্গে সংশ্লিষ্ট লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করা।

বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী একাধিক রুটে সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে কার্যকরভাবে তাদের ঘাঁটিতে আঘাত হানে। পরবর্তী গোলাগুলিতে আরও ১০ জন ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসী নিহত হয় বলে জানানো হয়।

এতে আরও বলা হয়, নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তারা এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

আইএসপিআর আরও জানায়, এলাকায় অন্য কোনো ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসী থাকলে তাদের নির্মূলে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আওতায় ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশন অনুযায়ী নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণগতিতে চলবে, যাতে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি সম্পূর্ণভাবে নির্মূল করা যায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন