জেদ্দা থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত কারও জন্যই মঙ্গলজনক নয়। বাংলাদেশ দুই দেশকেই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তিনি এ মন্তব্য করেন। এর আগে জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দুঃখজনক। সীমান্ত এলাকায় কয়েক দিন ধরে থেমে থেমে সংঘর্ষ চলছিল। এ প্রেক্ষাপটে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।
এর আগে শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের প্রতি ইসলামাবাদের ধৈর্য শেষ হয়ে গেছে। পাকিস্তান কার্যত যুদ্ধাবস্থায় যাচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।
ওআইসি বৈঠকের প্রসঙ্গে ড. খলিলুর রহমান জানান, সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাওয়া হয়েছে।
তিনি বলেন, ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা শুধু সমর্থনই নয়, বাংলাদেশের পক্ষে প্রচারণা চালানোর আশ্বাস দিয়েছেন। এ পদে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।
বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি-সংক্রান্ত আইনের সমালোচনাও করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই আইন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এ কথা দ্ব্যর্থহীনভাবে জানানো হয়েছে।
বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন