সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

পারমাণবিক অস্ত্রে ইরানের দাপট ঠেকাতে একাট্টা ইসরায়েল-যুক্তরাষ্ট্র

শুক্রবার, জুলাই ১৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক:  তেহরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন ঠেকিয়ে রাখতে এক হয়েছেন ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ।বৃহস্পতিবার (১৪ জুলাই) দুই নেতা এ বিষয়ে যৌথ একটি চুক্তি সই করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসাবে বুধবারেই ইসরায়েলে গেছেন। বৃহস্পতিবার জেরুজালেমে ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে ইরান ইস্যু।

ইরান নিয়ে দুই নেতাই একই উদ্বেগ প্রকাশ করে দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দিয়ে যৌথ চুক্তি সই করেছেন বলে জানিয়েছেন কর্মকতারা।

আনুষ্ঠানিক চুক্তি সইয়ের আগেই বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একটি কনফারেন্স কলে সাংবাদিকদের কাছে বিবৃতি দিয়ে দুই নেতার যৌথ ঘোষণাপত্রের বিবরণ দেন।

বিবৃতিতে ইসরায়েলের নিজেকেই নিজের সুরক্ষিত রাখার অধিকারে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে এবং নতুন চুক্তির আওতায় দুই দেশের এরই মধ্যে গড়ে ওঠা নিবিড় নিরাপত্তা অংশীদারিত্ব আরও জোরদার করার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বের শক্তিধর ৬ দেশের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি কমিয়ে এনেছিল। কিন্তু ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প এ চুক্তি থেকে ‍যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর ইরান আবার পরমাণু কর্মসূচি জোরদার করেছে।

বাইডেন যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের ওই পদক্ষেপকে ভুল আখ্যা দিয়ে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছেন। কিন্তু ইরান পারমাণবিক কর্মসূচি বাড়িয়ে যেতে থাকায় বাইডেনের সেই চেষ্টা মুখ থুবড়ে পড়ছে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বাইডেন এই প্রথম মধ্যপ্রাচ্য সফর করছেন। বৃহস্পতিবার ইসরায়েলের তেল আবিব সফর শেষ করে তিনি শুক্রবার ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেখা করতে পশ্চিম তীরে যাবেন।

এরপর সৌদি আরবে গিয়ে সেখানকার নেতাদের সঙ্গে বাইডেন বৈঠক করবেন এবং শনিবার জেদ্দায় অন্যান্য উপসাগরীয় মিত্রদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন