নিজস্ব প্রতিবেদক: দুই হাত নেই। নেই এক পাও। সম্বল বলতে যা আছে এক পা। এই এক পা দিয়ে লিখে এবার দাখিল (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া গ্রামের রাসেল মৃধা। অদম্য মনোবল আর ইচ্ছা শক্তি শারীরিক প্রতিবন্ধকতা কোন বাধাই হতে পারেনি এই রাসেলের কাছে। এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৮৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন রাসেল।
দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে রাসেল এ বছর শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। রাসেলের স্বপ্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে আলোকিত করা।
পরিবার সূত্রে জানা যায়, অভাব-অনটনের মাঝেও শারীরিক প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি। ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন দরিদ্র বাবা-মা। এর আগে সে পিএসসি ও জেডিসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। সামনের দিনে সাফল্যের সাথে এগিয়ে যেতে চায় রাসেল।
অদম্য মেধাবী রাসেল মৃধা বলেন, ‘আমার দুটো হাত, একটি পা নেই। এক পা দিয়ে লিখে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। সকলের দোয়ায় আমি এসএসসি পরীক্ষায় পাস করেছি। আমার অনেক ইচ্ছা, লেখাপড়া করে উচ্চশিক্ষা নিয়ে একটি চাকরি করবো। আমার বাবা-মার সকল দায়িত্ব নেবো। তারা আমার জন্য অনেক কষ্ট করেছেন। আমার ফলাফলের জন্য আমার বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’
শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন বলেন, রাসেল শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে কৃতিত্বের সাথে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সামনের দিনগুলোতে কৃতিত্বের সাথে সাফল্যের সাথে ফলাফল অর্জন করবে। লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়ে যেন দেশ ও জাতির সেবা করতে পারে, সেজন্য তার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো।’
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন