শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

পোশাক শিল্পের নিরাপত্তা কর্মসূচিতে এক হল আইএলও-বিজিএমইএ

বুধবার, জানুয়ারী ২৬, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশের পোশাক শিল্পে কর্মক্ষেত্রে নিরাপত্তা কর্মসূচী অব্যাহত রাখার জন্য একযোগে কাজ করতে প্রত্যয় ব্যক্ত করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার (২৩ জানুয়ারি) পোশাক শিল্পের কারখানাগুলোর নিরাপত্তা কমিটির সক্ষমতা বৃদ্ধির জন্য আইএলও এবং বিজিএমইএর মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান, আইএলও এর পোশাক শিল্পে কর্মপরিবেশ উন্নয়ন কর্মসূচীর প্রধান কারিগরী উপদেষ্টা, জর্জ ফলার বিজিএমইএ এর সহ-সভাপতি মো. নাসির উদ্দিন।

প্রসঙ্গত, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী ৫০ বা ততোধিক কর্মচারীসহ সব সংস্থার জন্য শ্রমিক ও নিয়োগকর্তাদের পক্ষ থেকে সমান সংখ্যক প্রতিনিধির সমন্বয়ে নিরাপত্তা কমিটি গঠন করা বাধ্যতামূলক। নিরাপত্তা কমিটিগুলোর দায়িত্ব হচ্ছে কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং তদারকি করা।
বিজিএমইএ এর সাথে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৭৫টি পোশাক কারখানার ৭০০টি নিরাপত্তা কমিটির সদস্যদেরকে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, কর্ম ক্ষেত্রে ঝুঁকি সনাক্তকরণ এবং ঝুঁকি মূল্যায়ন, ভবন নিরাপত্তা সংস্কৃতি, অগ্নি দুর্ঘটনা ব্যবস্থাপনা ও করোনা নির্দেশিকা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে। নিরাপত্তা কমিটিগুলোর প্রশিক্ষিত সদস্যরা পরবর্তী তাদের নিজ নিজ কারখানায় প্রায় ৫০ হাজার কর্মীদের মাঝে একই বিষয়ে সচেতনতা সৃষ্টি করবেন।

অনুষ্ঠানে জর্জ ফলার বলেন, ‘নিরাপত্তা কমিটিগুলো কারখানায় নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি ও তা বজায় রাখার জন্য কারখানার ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের একত্রিত করে। এ কমিটিগুলো সঠিকভাবে দক্ষতাসম্পন্ন হলে এবং কর্মক্ষেত্রে অনেক দুর্ঘটনা ও পেশাগত স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব হবে।’

ফারুক হাসান বলেন, ‘আমাদের শ্রমিকদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই, নিরাপত্তা কমিটিগুলোকে আরো শক্তিশালী ও কার্যকর করার জন্য আমরা আইএলও এর সাথে এক হয়েছি। আমাদের যৌথ উদ্যাগ শিল্পকে মহামারী সৃষ্ট নিরাপত্তা বিষয়ক ঝুঁকি ও স্বাস্থ্য সংকট কাটিয়ে উঠতে ও অন্যান্য পেশাগত ঝুঁকি কমাতে সাহায্য করবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন