শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

পৌনে দুই কোটি টাকা বেতনে ইঁদুর শিকারী খুঁজছে নিউইয়র্ক সিটি

শনিবার, ডিসেম্বর ৩, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: কাজ বলতে তেমন কিছু না। ইঁদুর ধরতে জানতে হবে। আর এজন্য বেতন দেওয়া হবে ১ লাখ ৭০ হাজার ডলার (বার্ষিক)। বাংলাদেশি ‍টাকায় যার পরিমাণ ১ কোটি ৭৪ লাখ টাকার বেশি।

শুনতে অবিশ্বাস্য লাগলেও ‘ইঁদুর প্রশমন পরিচালক’ পদে লোক নেওয়ার জন্য এমন একটি বিজ্ঞপ্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। এলাকায় হঠাৎ ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় তা থেকে বাঁচতে ইঁদুর শিকারী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ।

এ বিষয়ে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক টুইটে লিখেছেন, আমি সবচেয়ে বেশি অপছন্দ করি ইঁদুরকে। আপনার যদি নিউইয়র্ক সিটির ইঁদুরগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় প্রেরণা, সংকল্প এবং হত্যাকারী প্রবৃত্তি (কিলার ইনস্টিংক্ট) থাকে- তাহলে আপনার জন্য ‘স্বপ্নের চাকরি’ অপেক্ষা করছে।

নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়ের মুখপাত্র জানান, নিয়োগপ্রাপ্ত এ কর্মকর্তা সরাসরি ডেপুটি মেয়র মীরা জোশির কাছে রিপোর্ট করবেন এবং তার বেতন হবে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার ডলারের মধ্যে।

তবে শর্ত হচ্ছে, আবেদনকারীদের অবশ্যই নিউইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে। ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে পারদর্শিতা।

আবেদনের যোগ্যতা হিসেবে আরও কিছু বিষয় যোগ করা হয়েছে, যা অনেকটাই অদ্ভুত। যেমন- বেপরোয়া মনোভাব, ধূর্ত হাস্যরস, বখাটেপনার আভাস এবং পোকামাকড়ের প্রতি তীব্র আগ্রহ থাকা লোকেরা এ চাকরিতে অগ্রাধিকার পাবেন।

জানা যায়, এ বছর ইঁদুরের উৎপাতের অভিযোগ দুই বছর আগে একই সময়ের তুলনায় ৭০ শতাংশ বেড়ে গেছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন