নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মামলায় ব্রিটিশ বাংলাদেশি পাচক টমি মিয়া ও তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার বাদীপক্ষের আইনজীবী মো. রুবেল মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতারণার এ মামলায় সমন (নোটিশ) জারি হয়ে ফেরত আসায় আমরা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহেমদের আদালতে গ্রেফতারি পরোয়নার আবেদন করি। আদালত শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।
এর আগে চলতি বছরের ২৭ জুন প্রতারণার অভিযোগে টমি মিয়া’স হসপিটালিটি ম্য্যানেজমেন্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান টমি মিয়া ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন একই প্রতিষ্ঠানের সাবেক মার্কেটিং উপদেষ্টা এস এম আলী জাকের।
অভিযোগ থেকে জানা যায়, আলী জাকের ২০২১ সালের ২৯ ডিসেম্বর টমি মিয়া’স হসপিটালিটি ম্য্যানেজমেন্ট ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক মার্কেটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেন। ১ জানুয়ারি ২০২২ থেকে ৩০ এপ্রিল এই চার মাস কাজও করেন। তবে চুক্তি অনুযায়ী চার লাখ ২৮ হাজার টাকা পাওনা হলেও আসামিরা কোনো টাকা পরিশোধ করেননি।
মামলার অভিযোগ মতে, গত ২৯ মার্চ বাদী টাকা চাইলে আসামিরা তার প্রাণনাশের হুমকি দেন। সেদিনই তিনি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এজাহারে আরো বলা হয়, টাকা চেয়ে গত ১ জুন আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান আলী জাকের।
অভিযোগে বলা হয়, আসামিরা বাদীর সরল বিশ্বাসকে ব্যবহার করে তার পাওনা টাকা আত্মসাৎ করার লক্ষ্যে হুমকি প্রদান করে, যা দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারায় বিচারযোগ্য অপরাধ করেছে।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন