শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রান মুশফিকের

বুধবার, মে ১৮, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রান ক্লাবের সদস্য হলেন ডান-হাতি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

এ ম্যাচ খেলতে নামার আগে মুশফিকের পরিসংখ্যান ছিল ৮০ টেস্টে সাতটি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে চার হাজার ৯৩২ রান। পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে মুশফিকের প্রয়োজন ছিল ৬৮ রান। চট্টগ্রামের টেস্টের তৃতীয় দিন ব্যাট করতে নামেন মুশফিক। দিন শেষে তার নামের পাশে ছিল অনবদ্য ৫৩ রান। তাই মাইলফলকে পৌঁছাতে ১৫ রান দরকার ছিল তার।
চতুর্থ দিনের ১৬তম ওভারে পেসার আসিথা ফার্নান্দোর করা দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে দুই রান নিয়ে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রান পূর্ণ করেন মুশফিক।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। অভিষেক টেস্টের দুই ইনিংসে ১৯ ও তিন রান করেছিলেন তিনি। শুরুটা ভাল না হলেও পরবর্তী বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদন্ড হয়ে যান মুশি। দেশের হয়ে গত ১৭ বছরে ৮০ টেস্ট খেলেছেন তিনি। ৮১তম ম্যাচে এসে পাঁচ হাজার রান পূর্ণ করলেন মুশফিক।

২০০০ সালে টেস্ট আঙ্গিনায় পথ চলা শুরু করে বাংলাদেশ। ২২ বছর পর দেশের প্রথম কোন ব্যাটার পাঁচ হাজার রানের দেখা পেলেন তিনি। ১৯৩৮ সালে টেস্ট ক্রিকেটে সর্ব প্রথম পাঁচ হাজার রান পূর্ণ  করেছিলেন কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান। বিশ্ব ক্রিকেটের ৯৯তম খেলোয়াড় হিসেবে পাঁচ  হাজার রানের কীর্তি গড়লেন মুশফিক।

মুশফিকের মত পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশের অপেক্ষায় আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার প্রয়োজন আর মাত্র ১৯ রান।

চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে পাঁচ হাজার রান করতে তামিমের দরকার ছিল ১৫২ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে ১৩৩ রান করে আহত অবসর নেন তামিম। বুধবার (১৮ মে) ফের নেমে কোন রান না করেই আউট হয়ে যান তিনি। যে কারণে অভিজাত এ ক্লাবের সদস্য হতে অপেক্ষা বাড়ল তামিমের। ১৯ রান করতে পারলেই বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অনন্য মাইলফলক স্পর্শ করবেন তিনি।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন