চট্টগ্রাম: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে মেট্রোরেল করার ঘোষণা দিয়েছেন। খুব সহসা তিনি চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলার ভেন্যু নির্ধারণ করে দেবেন। সেটি আপনারা খুব সহসা জানতে পারবেন। আমি জানি, চট্টগ্রামবাসীর দাবি আছে এবং উইমেন চেম্বারের ও দাবি আছে, যাতে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলার একটি ভেন্যু হয়।’
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সিএমএসএমই বাণিজ্য মেলা ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর পাকিস্তানিরা আত্মতুষ্টি করার চেষ্টা করত বাংলাদেশ রাষ্ট্র হিসেবে টিকবে না। আমরা যখন স্বাধীনতা অর্জন করি, তখন সবক্ষেত্রে পাকিস্তান থেকে পিছিয়ে ছিলাম। আজকের স্বাধীনতার ৫০ বছর পর আমরা সব ক্ষেত্রে পাকিস্তানকে বহুদূর পেছনে ফেলেছি। আমরা মানব উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্যসহ সব সুচকে পাকিস্তানকে পেছনে ফেলেছি।’
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর বঙ্গবন্ধুর দেশ রচনা সার্থকতা সেখানে, ৩০ লাখ শহীদের আত্মদানের সার্থকতা সেখানে, দুই লাখ মা বোনের ইজ্জত দেয়ার সার্থকতা সেখানে, শেখ হাসিনা এ দেশের নেতৃত্ব দেবার সার্থকতা সেখানে সেই পাকিস্তান আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী অকপটে স্বীকার করে আজকের সব সূচকই বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে গেছে।’
হাছান মাহমুদ বলেন, ‘আমরা খাদ্য ঘাটতির দেশ ছিলাম, আজকে আমরা খাদ্যে উদ্বৃত্তের দেশ। আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, এখন আমরা মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ পৃথিবীর আয়তনের দিক দিয়ে ৯২তম, কিন্তু আমরা পৃথিবীতে চাল উৎপাদনে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয়, শাক-সবজি উৎপাদনে দ্বিতীয়, আলু উৎপাদনের সপ্তম। আমাদের মাথাপিছু আয় পাকিস্তান কেন শুধু ভারতকেও ছাড়িয়ে গেছে।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আজকে দেশ এভাবে এগিয়ে যেতে পারত না, যদি এ উন্নয়নের সাথে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে সম্পৃক্ত করা না হত। দেশ এগিয়ে যাবার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে, আমাদের নারীরা এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।’
তিনি বলেন, ‘আমাদের মাথাপিছু আয় আজকে দুই হাজার ৫৫৪ মার্কিন ডলার। দেশের দুই কোটি মানুষের মাথাপিছু আয় প্রায় দশ হাজার ডলারের কাছাকাছি। আগামী এক দশকের এর সংখ্যা প্রায় তিনগুণ হবে।
চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান, নারী উদ্যোক্তা নুরান ফাতিমা, আলী সাবের, বাণিজ্য মেলা কমিটির চেয়ারম্যান রেখা আলম চৌধুরী প্রমুখ।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন