চলমান ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি বস্তিতে অগ্নিকান্ডের ৮০টি বাড়ি পুড়ে গেছে। আগুনে ছয় শিশুসহ আট জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (২ মে) সকাল পাঁচটার দিকে (গ্রিনীজ মান সময় ২১০০ টায়) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির
দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগ বিচায়দা এএফপি’কে জানান, ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে একটি জনাকীর্ণ অস্থায়ী বসতির একটি বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। এতে আরো তিনজন আহত হয়েছেন। আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।
তিনি বলেন, ‘আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ির ভিতরে আটকে পড়ে আট জন মারা যায়। নিহতদের বয়স এখনো জানা যায়নি, তবে এদের মধ্যে ছয় শিশু রয়েছে।’
বিচায়দা বলেন, ‘হালকা মালামাল দিয়ে তৈরি বাড়িগুলোতে আগুন লেগে গেলে বাসিন্দারা হতবাক হয়ে যায়। ফায়ার স্টেশন কাছাকাছি ছিল কিন্তু তারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাতে পারেনি।’
ঘনবসতিপূর্ণ রাজধানীতে ১৩ মিলিয়নেরও বেশি লোক বাস করে। হাজার হাজার জনাকীর্ণ বস্তিতে আগুন লাগার ঘটনা সাধারণ বিষয়। বাসিন্দাদের মধ্যে অনেকেই দারিদ্র্য থেকে মুক্তির আশায় ম্যানিলায় চাকরি করতেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন