চলমান ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে ফ্রান্সে। বুধবার (৫ জানুয়ারি) দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে তিন লাখ ৩৫ হাজার মানুষ সংক্রমিত হওয়ায় এ নতুন রেকর্ড সৃষ্টি হল। স্বাস্থ্য মন্ত্রী ওলিভিয়ার ভেরান পার্লামেন্টকে এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
আগের সব রেকর্ড ভঙ্গ করে এ প্রথম ফ্রান্সে এক দিনে করোনায় আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়াল। দেশটিতে মঙ্গলবারও (৪ জানুয়ারি) এ ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছিল। এ দিন ফ্রান্সে দুই লাখ ৭১ হাজার ৬৮৬ জন করোনায় আক্রান্ত হয়।
ওলিভিয়ার ভেরান বলেন, ‘ফরাসী স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার (৫ জানুয়ারি) রাতে আক্রান্তের এ নতুন সংখ্যা প্রকাশ করলেও এর আগেই ‘আমরা আমাদের দেশে তিন লাখ ৩৫ হাজার মানুষ আক্রান্তের খবর পেয়েছিলাম।’
বর্তমান স্বাস্থ্য পাসের পরিবর্তে কেবলমাত্র যারা উভয় ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য একটি ‘টিকা পাস’ দেয়া নিয়ে সরকারের পরিকল্পনা বিষয়ে পার্লামেন্টে আলোচনা চলাকালে তিনি বক্তব্য দিয়েছেন।
ফ্রান্সের প্রায় ৫০ লাখ মানুষ এখনো টিকা নেন নি। তাদের মধ্যে ২০ শতাংশ করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে বিবেচনা করা হচ্ছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন