রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

ফ্রান্স থেকে বিনিয়োগ টানতে এমইডিইএফের সাথে চুক্তি এফবিসিসিআইয়ের

বৃহস্পতিবার, নভেম্বর ১১, ২০২১

প্রিন্ট করুন
fbcci 1 1

চলমান ডেস্ক: যুক্তরাজ্যের পর এবার ফ্রান্সের বিনিয়োগ আনতে দেশটির বাণিজ্য সংগঠন এমইডিইএফ ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই।

বুধবার (১০ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে এমইডিইএফ ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ দূতাবাস আয়োজিত ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিল মিটিংয়ে এ স্মারক সই হয়।

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন এবং এমইডিইএফ ইন্টারন্যাশনাল ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান পিয়েরে জিন মালগোয়ারেস সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা উপস্থিত ছিলেন।

মো. জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের রপ্তানি বাজার হিসেবে ফ্রান্স পঞ্চম। মূলত দেশটিতে ওভেন ও নিটওয়্যার, হোম টেক্সটাইল এবং ফুটওয়্যার রপ্তানি হয়। এসব পণ্য ছাড়াও প্লাস্টিক, হালকা প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, সিরামিক, পাট ও চামড়াজাত পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘অন্তর্ভুক্তিমুলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের বিপুল বিদেশী বিনিয়োগ প্রয়োজন।’

ফ্রান্সের শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের কারণে যে সব খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমছে, সে সব শিল্পের বিনিয়োগকারীদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

জসিম উদ্দিন আশা প্রকাশ করেন, এ সমঝোতা স্মারক সইয়ের ফলে বাণিজ্য বহুমুখীকরণ ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য এফবিসিসিআই এবং এমইডিইএফের  মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।

বৈঠকে এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ সভাপতি এমএ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন