নিজস্ব প্রতিবেদক: জার্মানির হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের এক লেকচার হলে ঢুকে বন্দুক হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী নিজের গুলির আঘাতে নিহত হয়েছেন।
সোমবার (২৪ জানুয়ারি) হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের নয়েনহাইমার ফেল্ড ক্যাম্পাসে এই হামলা হয়৷ সেখানে ন্যাচারাল সায়েন্সের বিভিন্ন বিভাগ অবস্থিত৷ এছাড়া বিশ্ববিদ্যালয় ক্লিনিকের একটি অংশ ও বোটানিক্যাল গার্ডেনও ঐ এলাকায় অবস্থিত৷
কর্তৃপক্ষ বলছে, বন্দুকধারী একাই ছিলেন৷ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে জার্মানির বার্তা সংস্থা ডিপিএ৷ হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার কোনো আভাস এখনও পাওয়া যায়নি৷
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তারা দুইটি আগ্নেয়াস্ত্র পরীক্ষা করেছেন। চার আহতের একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী নিজে আত্মহত্যা করে মারা গেছেন।
সাম্প্রতিক সময়ে জার্মানিতে একাধিক হামলার ঘটনা ঘটেছে৷ মূলত জিহাদি ও উগ্র ডানপন্থিরা এসব হামলা চালিয়েছেন৷ তবে কড়া বন্দুক আইনের কারণে স্কুলে হামলার ঘটনা বিরল৷ ২০০৯ সালে ভিনেনডেনের এক স্কুলে সাবেক এক শিক্ষার্থীর গুলি চালানোর ঘটনায় নয় শিক্ষার্থী, তিনজন শিক্ষক ও তিনজন পথচারী মারা যান৷ পরে বন্দুকধারী আত্মহত্যা করেন৷
এছাড়া ২০০২ সালে এয়ারফুর্ট শহরে ১৯ বছর বয়সি এক সাবেক পড়ুয়া বহিষ্কৃত হওয়ার প্রতিশোধ নিতে গুলি করে ১৬ জনকে হত্যা করেছিলেন৷ এর মধ্যে ১২ জন শিক্ষক ছিলেন৷ এই হামলকারীও পরে আত্মহত্যা করেন৷
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন