বলিউডের ‘কান কুইন’ খ্যাত ঐশ্বর্য রাই বচ্চন আবারও মাতালেন কান চলচ্চিত্র উৎসব-২০২৬-এর লাল গালিচা। অনুপস্থিতির জল্পনা উড়িয়ে একের পর এক রাজকীয় লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
বিশেষ করে তার আলোচিত ‘সোয়ান লুক’ এখন সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। ফ্যাশনপ্রেমীদের মতে, এ বছর কানের মঞ্চে সবচেয়ে স্মরণীয় উপস্থিতিগুলোর একটি ছিল ঐশ্বরিয়ার এই রাজকীয় আবির্ভাব।
ফ্রান্সের কান শহরে আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এবারও নিজের আলাদা উপস্থিতি জানান দেন ঐশ্বরিয়া। উৎসব শুরুর আগে ল’রিয়াল প্যারিসের প্রচারণামূলক ব্যানারে তাঁর ছবি না থাকায় গুঞ্জন ওঠে—হয়তো এবার তিনি কানে অংশ নেবেন না।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সে পা রাখতেই পুরো আলো নিজের দিকে টেনে নেন এই বৈশ্বিক তারকা। সামাজিক মাধ্যমে তাঁর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই ভক্তরা আবারও তাঁকে ‘কানের রানি’ বলে আখ্যা দিতে শুরু করেন। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তাঁর সাদা ‘সোয়ান লুক’। প্রথম দেখায় মনে হতে পারে তিনি সাদা প্যান্টস্যুট পরে এসেছেন।
কিন্তু কাছ থেকে দেখলেই বোঝা যায়, পোশাকটিতে রয়েছে সূক্ষ্ম শিল্পকর্মের ছোঁয়া। ব্লেজারের ল্যাপেলে রুপালি অলঙ্করণের কাজ, ট্রাউজারে লেসের নকশা এবং হাতার নিচে নেট ফ্যাব্রিকের ব্যবহার পুরো লুকটিকে করেছে অনন্য। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল কাঁধজুড়ে জড়ানো বিশাল সাদা পালকের বোয়া, যা তাঁকে যেন বাস্তবের রাজহাঁসে রূপ দিয়েছে।
চীনা ডিজাইনার চেনি চ্যানের তৈরি এই পোশাকটি ঐশ্বরিয়ার কালজয়ী সিনেমা দেবদাস এবং তাল-এ তাঁর সাদা পোশাকের স্মৃতি ফিরিয়ে আনতেই তৈরি করা হয়েছে বলে জানা যায়। নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, ‘ঐশ্বরিয়াকে যেন স্বর্গের পরীর মতো লাগছিল।
’ কেউ কেউ আবার তাঁকে ‘দেবী’বলেও অভিহিত করেছেন।
মেকআপেও ছিল পরিমিত সৌন্দর্যের ছাপ। ম্যাট আইশ্যাডো, হালকা মাসকারা, উঁচু করে তোলা চোখের পাতা এবং বোল্ড লিপ কালার তাঁর সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। খোলা ও সামান্য এলোমেলো চুল পুরো লুকে যোগ করে রহস্যময় আবেদন। বিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়াল প্যারিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানের মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। ব্র্যান্ডটির পক্ষ থেকেও জানানো হয়, ঐশ্বরিয়ার অল-হোয়াইট ‘সোয়ান লুক’-এর মূল আকর্ষণই ছিল তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি ও বোল্ড লিপস্টিক।
এর আগে কানের লাল গালিচায় আরেকটি লুকেও সবার নজর কাড়েন ঐশ্বরিয়া। ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি রয়্যাল ব্লু বা নীলকান্তমণি রঙের ‘লুমিনারা’ গাউনে যেন মোহময়ী রূপে ধরা দেন তিনি। প্রায় ১ হাজার ৫০০ ঘণ্টা ধরে তৈরি করা এই গাউনে ছিল ক্রিস্টাল ভেইন এমব্রয়ডারি এবং ডানার মতো স্ট্রাকচার। আলো পড়ার সঙ্গে সঙ্গে গাউনটি এমনভাবে ঝলমল করছিল যে ফ্যাশন সমালোচকরা একে ‘পোশাক নয়, বরং এক ধরনের আলোর শক্তিক্ষেত্র’ বলে বর্ণনা করেছেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন