দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন ব্যাংকনোট পরিবহনের সময় বিমানবাহিনীর একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরে দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে।
রয়টার্স ও বিবিসির খবরে বলা হয়েছে, বলিভিয়ার বিমানবাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস বিমান সান্টা ক্রুজ থেকে উড্ডয়ন করে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। প্রতিকূল আবহাওয়ার মধ্যে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশের মহাসড়কে থাকা কয়েকটি গাড়ির ওপর আঘাত হানে।
স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট বহন করছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয় এবং সাময়িকভাবে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে, বিধ্বস্ত বিমানটি তাদের একটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান। কেন্দ্রীয় ব্যাংকের জন্য নতুন ব্যাংকনোট পরিবহনের দায়িত্বে ছিল সেটি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন