সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

বাংলাদেশ-নেপাল অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই চূড়ান্ত পর্যায়ে

বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

প্রিন্ট করুন
nepal 1

ঢাকা: ২০২৬ সালে বাংলাদেশ ও নেপালের এলডিসি হতে উত্তোরণ ঘটবে। এ অবস্থায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সইয়ের বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নেপাল সরকারের অনুমোদন পেলে শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে সই হবে। জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ-নেপালের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভবনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। দি কনফেডারেশন অফ নেপালীজ ইন্ডাস্ট্রিজের (সিএনআই) সভাপতি বিষ্ণু কুমার আগারওয়ালের নেতৃত্বে বাংলাদেশ সফররত ১৩ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদলের সম্মানে ডিসিসিআই এ সংলাপের আয়োজন করে।

তপন কান্তি ঘোষ আরো বলেন, ‘বাংলাদেশের ভোক্তা শ্রেণির সংখ্যা অত্যন্ত বেশি ও বিশেষ করে ভোগ্যপণ্য উৎপাদন খাতে নেপালের উদ্যোক্তারা এ দেশে বিনিয়োগ করতে পারে।’ তিনি দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণকে প্রাধান্য দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ডিসিসিআইয়ের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৭৩ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের রপ্তানি ৬৮ দশমিক ৬৬ মিলিয়ন ডলারের। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাটপণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং প্রভৃতি খাত বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে তিনি নেপালের ব্যবসায়ীদের এসব খাতে বিনিয়োগের আহ্বান জানান।

সিএনআইয়ের সভাপতি বিষ্ণু কুমার আগারওয়াল বলেন, ‘তার দেশ সেবা খাত নির্ভর অর্থনীতি হতে উৎপাদন খাত নির্ভর অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে ও বাংলাদেশী উদ্যোক্তাদের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ-জ্বালানী, অবকাঠামো, ম্যানুফেকচারিং, তথ্য-প্রযুক্তি প্রভৃতি খাতে নেপালে বিনিয়োগের আহবান জানান। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে তিনি বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধিদের নেপালে যাওয়ার অনুরোধ জানান।

সিএনআইয়ের সহ সভাপতি নির্ভানা চৌধুরী জানান, তার প্রতিষ্ঠান চৌধুরী গ্রুপ ইতিমধ্যে বাংলাদেশে ভোগ্যপণ্য খাতে বিনিয়োগ করেছে ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি উৎকৃষ্ট গন্তব্য স্থল হিসেবে আখ্যা দেন।

বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স কুমার রায় বলেন, ‘দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে তিনি দুই দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের একযোগে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে ঢাকা চেম্বার ও সিএনআইয়ের মধ্যে সহযোগিতা স্মারক সই হয়, যেখানে ডিসিসিআইয়ের সভাপতি রিজওয়ান রাহমান এবং সিএনআইয়ের সভাপতি বিষ্ণু কুমার আগারওয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সহযোগিতা চুক্তিতে সই করেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরকালে সরকারের মন্ত্রী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বাণিজ্য সংগঠনের নেতাদের সাথে দেখা করেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন