চলমান ডেস্ক:
নাশকতার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সরিষাবাড়ী থানার এস আই মোর্শেদ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এতে আটকৃতরা হলেন, সরিষাবাড়ী পৌর বিএনপির সাধারন সম্পাদক আশরাফ ফকির ও বিএনপি কর্মী সুলতান মিয়া। পৌর বিএনপির সহসভাপতি গোলাম রব্বানি লিকুকে প্রধান করে মামলায় ১৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জানান, বিস্ফোরক, সরকারি কাজে বাধা, হত্যার হুমকি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এ মামলা করা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
এদিকে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম অভিযোগ করেন, রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আরামনগরস্থ দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে পুলিশ সেখানে এসে ছত্রভঙ্গ করে দেয়।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন