রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

বিএনপি নানা ভাগে বিভক্ত নেতৃত্বের অভাবে

শুক্রবার, এপ্রিল ১, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: নেতৃত্বের অভাবে বিএনপি আজ নানা ভাগে বিভক্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে? তাদের দলে গণতন্ত্র নেই, তারা আজ নানা ভাগে বিভক্ত।’

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিজ বাস ভবন থেকে ভার্চুয়ালী বিএনপি নেতাদের উদ্দেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, ‘বিএনপি যদি ফের ক্ষমতায় আসে- তাহলে দেশের উন্নয়ন-অর্জন ধ্বংস হয়ে যাবে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস হয়ে যাবে।’

বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন, আওয়ামী লীগ কচু পাতার শিশির বিন্দু নয় যে টোকা লাগলেই পড়ে যাবে।’

বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ আজ ভিক্ষা দেয় এমন মন্তব্য করে তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার সততা ও নেতৃত্বের জন্য সারা দুনিয়ায় মানুষ আজ প্রশংসা করছে। বাংলাদেশের যে কোন দলের চেয়ে আওয়ামী লীগ অনেক এগিয়ে। শেখ হাসিনার নেতৃত্বের গুণে তা সম্ভব হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘সম্মেলনে মধ্য দিয়ে কোনভাবেই পকেট কমিটি করা যাবে না, কমিটি করতে হবে দুঃসময়ের ত্যাগী কর্মীদের দিয়ে।’

আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান এবং এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক  সম্পাদক  ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র  মজুমদার।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন