চট্টগ্রাম: বিজিএমইএ এর সাথে মত বিনিময় সভা করেছে চিটাগাং কাস্টমস্ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় খুলশীতে বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ’র প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক ও প্রাক্তন প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক মো. হাসান (জ্যাকী), এম আহসানুল হক, প্রাক্তন প্রথম সহ-সভাপতি এরশাদ উল্লাহ, এসএম আবু তৈয়ব, নাসিরউদ্দিন চৌধুরী, নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, এএম চৌধুরী সেলিম, প্রাক্তন পরিচালক লিয়াকত আলী চৌধুরী, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুসা, শেখ সাদী, চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, কাস্টমস বিষয়ক সম্পাদক ওবাইদুল হক আলমগীর, বন্দর বিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার, যুগ্ম বন্দর সম্পাদক আমিনুল হক উপস্থিত ছিলেন।
সভায় সৈয়দ নজরুল ইসলাম তৈরি পোশাক শিল্পের আমদানী-রপ্তানি কার্যক্রম দ্রুত সম্পাদনে কার্যকরী ভূমিকা রাখার জন্য চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নেতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও পোশাক শিল্পের আমদানী-রপ্তানি কার্যক্রম পরিচালনায় কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতার জন্যেও তিনি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্য-বিধি প্রতিপালন করে কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখায় বর্তমানে বিদেশী ক্রেতা কর্তৃক ক্রয়াদেশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওই রপ্তানি আদেশগুলো বাস্তবায়নে আমদানীকৃত পণ্য চালান দ্রুত খালাস ও যথাসময়ে জাহাজীকরণে সিএন্ডএফ এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
নজরুল ইসলাম পোশাক শিল্পের আমদানী-রপ্তানি সংশ্লিষ্ট কাস্টমস ও বন্দরের কার্যক্রম সহজীকরণ করে দ্রুত সম্পাদনের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন ও রপ্তানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে বিজিএমইএ ও সিএন্ডএফ এজেন্ট একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
একেএম আকতার হোসেন বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পোশাক শিল্পের রপ্তানির প্রবৃদ্ধির উপরই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিহিত। রপ্তানি ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে আমদানীকৃত পণ্য চালান দ্রুত খালাস ও যথাসময়ে রপ্তানিতে সিএন্ডএফ এজেন্টগণ সচেষ্ঠ রয়েছে।’
পোশাক শিল্পের আমদানী-রপ্তানিতে কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট সমস্যা চিহ্নতকরণসহ কার্যক্রম সহজীকরণে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন বিজিএমইএ’র সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে বরে তিনি আশ্বাস দেন।
সভায় পোশাক শিল্পের আমদানী-রপ্তানিতে কাস্টমস্ ও চট্টগ্রাম বন্দরে বিরাজমান সমস্যা চিহ্নতকরণ ও কার্যক্রম সহজীকরণে কর্মকৌশল নির্ধারণের লক্ষ্যে বিজিএমইএ ও চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রতিনিধি সমন্বয়ে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় জরুরী উদ্যোগ নেবে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন