শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বিজয় দিবসের একমাত্র বিদেশী অতিথি ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা

বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

প্রিন্ট করুন
Ran nath

ঢাকা: ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি তিন দিনের সফরে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা এসে পৌঁছেছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার পত্নী রাশিদা খানমকে সাথে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
এর আগে কোবিন্দ ও তার সফর সাথীদের নিয়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকাল ১১টা দশ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

ঢাকায় কোবিন্দের প্রথম সফরে তার সঙ্গে রয়েছেন ফার্স্টলেডি শ্রীমতি সবিতা কোবিন্দ, তাদের মেয়ে স্বাতী কোবিন্দ, ভারতের শিক্ষা মন্ত্রী ও দুইজন সাংসদসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

রাষ্ট্রপতি হামিদ বিমান বন্দরে ফুলের তোড়া দিয়ে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান এবং রাশিদা হামিদও বিমান বন্দরে ভারতীয় ফার্স্ট লেডিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

মহামারি করোনা পরিস্থিতির কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ভারতের রাষ্ট্রপতিকে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল ২১ বার তোপধ্বনিসহ গার্ড অব অনার দেয়।

সফররত প্রতিনিধি দলের সদস্যরাও এ অভ্যর্থনা অনুষ্ঠানে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলেন।

আবদুল হামিদ ও ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ অস্থায়ী মঞ্চে অবস্থান করে রাষ্ট্রীয় সম্মান উপভোগ করেন। এ সময় উভয় দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। রাষ্ট্রীয় অতিথি প্যারেড পরিদর্শন করেন এবং এ সময় উভয় দেশের রাষ্ট্রপতি নিজ নিজ দেশের প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

ভারতের ১৪তম রাষ্ট্রপতি সে দেশের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে আসা একমাত্র বিদেশী অতিথি।

সিএনএমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন