বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ
বিজয় দিবস উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে ১৬ ডিসেম্বর রাতে বিশেষ খাবারের (ফিস্ট) ব্যবস্থা করা হয়েছে। আর এজন্য বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন থেকে মাথাপিছু ৪৭৫ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ৩০ টাকা হারে ‘শুভেচ্ছা মূল্য’ নামে খাবারের কূপন বিক্রি করা হচ্ছে। সবমিলিয়ে প্রতি শিক্ষার্থীকে ৫০৫ টাকার খাবার দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ খাবারের জন্য জনপ্রতি ৪২৫ টাকা করে বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর বাইরে হল প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতি আরও ৫০ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই বরাদ্দের পর নতুন করে শুধুমাত্র শিক্ষার্থীদের কাছ থেকে শুভেচ্ছা মূল্যের নামে ৩০ টাকায় কূপন বিতরণ করা হচ্ছে। এই ৩০ টাকাও খাবারের পেছনে খরচ করা হবে। সবমিলিয়ে বিজয় দিবসের বিশেষ খাবারে এ বছর ৫০৫ টাকা হারে খরচ ধরা হয়েছে।
সর্বশেষ ২০১৯ সালে বিজয় দিবসের ‘ফিস্ট’ আয়োজন করা হয়েছিল জনপ্রতি ৪০০ টাকা খরচে। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ৩২০ টাকা বরাদ্দের সঙ্গে হল প্রশাসনের ৫০ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকেও সেবার ৩০ টাকা করে নেয়া হয়েছিল। তবে এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তুলনামূলকভাবে বেশি বরাদ্দ দেয়া হয়েছে।
বিগত বছরগুলোর মতো খাবারের মেনুতে এবারও থাকছে পোলাও, খাসির রেজালা, মুরগির রোস্ট, মুগডাল, কমলা, মিষ্টি, কোমল পানীয় এবং মিষ্টি পান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি মোহা. মুজিবুর রহমান বলেন, ‘উপাচার্যকে অনুরোধ করে এবার আমরা খাবারের বরাদ্দ বাড়িয়েছি। আর বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। মুরগি এবং খাসির মাংসসহ সব পণ্য বেশি দামে আমাদের কিনতে হচ্ছে। তাই এখান থেকে টাকা উদ্ধৃত করার সুযোগ কোথায়? শিক্ষার্থীদের কাছ থেকে শুভেচ্ছা মূল্য হিসেবে কূপন নেওয়া হয় মূলত তাদের অংশগ্রহণের জন্য। ঠিক কতজন শিক্ষার্থী খেতে আসবেন এটা জানা প্রয়োজন। এতে করে সরবরাহে সুবিধা হয়।’ অন্যান্য বছরের বিজয় দিবসের খাবারের মেনুতেই এবার খাবার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি হলের আলোকসজ্জায় হলপ্রতি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ হাজার টাকা এবং হল ফান্ড থেকে ২০ হাজার করে মোট ৩৫ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।
আরএইচ/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন