চলমান ডেস্ক: ২০১৮ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ধর্মীয় অনুভূতিতে আঘাতের এ মামলার অপর আসামিরা হলেন- উইমেন চ্যাপ্টার নামে নিউজ পোর্টালের সম্পাদক সুপ্রীতি ধর লিপা ও ভারপ্রাপ্ত সম্পাদক সুচিস্মিতা সিমন্তি। ১১ দিন আগে এ মামলার অভিযোগপত্র জমা দিলেও বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তা জানাজানি হয়। তাসলিমা নাসরিনসহ তিন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যেমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
জানা যায়, মাসিক পত্রিকা আল বাইয়েনাতের সম্পাদক মাহবুব আলম বাদী হয়ে ২০১৮ সালের ১৯ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তসলিমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে ২৬ এপ্রিল রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি এজাহার হিসাবে নথিভুক্ত হয়। ‘উইমেন চ্যাপ্টার’এ প্রকাশিত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের ‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শীর্ষক লেখার জন্য এই মামলাটি করা হয়। তবে নাম ঠিকানা সংগ্রহ করতে না পারায় উইমেন চ্যাপ্টারের উপদেষ্টা লীনা হককে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন