বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

বিদেশী বিনিয়োগ আকর্ষণে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বিএসইসির বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত

সোমবার, নভেম্বর ৮, ২০২১

প্রিন্ট করুন
bsec 1

ম্যানেচষ্টার, যুক্তরাজ্য: বিদেশী ও প্রবাসীদের বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে সোমবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ‘বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ বিষয়ক বিনিয়োগ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ম্যানচেস্টার সেন্টার কনভেনশন কমপ্লেক্সের এক্সচেঞ্জ হলে এ অনুষ্ঠানের আয়োজন করে। বিএসইসির এ বিনিয়োগ সম্মেলনের নাম দেয়া হয়েছে ‘রাইজ অব বেঙ্গল টাইগার’।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বক্তব্য দেন।

সালমান এফ রহমান বলেন, ‘দেশের শেয়ার বাজারের নিয়মিত উন্নতি হচ্ছে। এর প্রেক্ষিতে শেয়ারবাজার সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে। ফলে এখন বিনিয়োগের জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের শেয়ার বাজার। দুেইটি উদ্দেশ্যে আমরা বিনিয়োগ সম্মেলন করছি। এর একটি হল-বাংলাদেশ গত দশ বছরে কী অর্জন করেছে, তা জানানো। অনেকটা নতুন বাংলাদেশকে জানানো বা ব্র্যান্ডিং করা। অন্যটি হল-বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদেরকে আগ্রহী করে তোলা।

তিনি আরা বলেন, ‘প্রকৃতপক্ষে আমরা গত দশ বছরে অনেক অর্জন করেছি, সেটা জানাতে চাই। পরবর্তী ধাপ উন্নত দেশে পরিণত হওয়ার জন্য বিভিন্ন খাতে বিনিয়োগ দরকার। সে জন্য বিদেশী বিনিয়োগ ও ক্যাপিটাল মার্কেট ফোকাস করা হচ্ছে।’

উপদেষ্টা বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ ফেরত নেয়ার পলিসি সম্পর্কে জানতে চান। এ ক্ষেত্রে সবচেয়ে ভাল উপায় হচ্ছে- শেয়ারবাজারে বিনিয়োগ। আমরা বাংলাদেশের শেয়ারবাজারকে বর্ধিত করতে চাই ও ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিয়ে যেতে চাই।’

বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘বিদেশের মাটিতে চতুর্থ বারের মত এ রোড শো হচ্ছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে রোড শো অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে তুলে ধরে বিদেশী প্রবাসী বিনিয়োগ আর্কষণ- এ আয়োজনের উদ্দেশ্য।’

তিনি জানান, বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা, বিনিয়োগ, বাণিজ্য, বাংলাদেশী পণ্য ও সেবা, শেয়ারবাজার ও বন্ড মার্কেটকে তুলে ধরা হচ্ছে। বিনিয়োগ সম্মেলনের উদ্দেশ্য হল- বিদেশী ও প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগ আকর্ষণ। বিশেষ করে প্রবাসীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সে বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। তবে এবারের আয়োজনের একটু ভিন্নতা রয়েছে।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আরো বলেন, ‘এখানে দেশের আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা অংশ নিচ্ছেন। যুক্তরাজ্যের প্রবাসীদের মধ্যেও এনিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে। আয়োজকদের প্রত্যাশা এটি সফলভাবে শেষ হলে, দেশে বড় ধরনের বিনিয়োগ আসবে।’

এবারের সম্মেলনে যুক্তরাজ্যের সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও জার্মানির পরে বাংলাদেশী পণ্যের তৃতীয় বৃহত্তম রফতানির দেশ যুক্তরাজ্য। উভয় দেশের স্বার্থে এ অবস্থার আরো উন্নয়ন চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রবাসী, দেশটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎ করছে।

বিএসইসি সূত্র জানায়, পুঁজিবাজারে এনআরবি ও বিদেশীদের বিনিয়োগ থাকলেও তা খুব কম। কাজেই এখন এ বিনিয়োগ বাড়ানো গেলে পুঁজিবাজারের গতিশীলতাও বাড়বে। বর্তমান পুঁজিবাজারে শেয়ার কেনাবেচায় যে বেনেফিসিয়ারি ওনার্স অ্যাকাউন্ট (বিও) রয়েছে, তার মাত্র ছয় শতাংশ এনআরবি ও বিদেশীদের। আর প্রায় ৯৪ শতাংশই দেশীয় বিনিয়োগকারীর, যার মধ্যে ব্যক্তিগত অ্যকাউন্টই বেশি।

পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগ বৃদ্ধি ও সহজে বিনিয়োগের জন্য কমিশন ডিজিটাল বুথ খোলার বিষয়ে নীতিমালা জারি করেছে।

বিদেশে অবস্থানরত নন-রেসিডেন্ট বাংলাদেশীদের (এনআরবি) পাঠানো রেমিট্যান্স বিনিয়োগে রূপান্তর করতে চায় কমিশন, সেই ক্ষেত্রে পুঁজিবাজার হতে পারে ভাল জায়গা।

কমিশনের একজন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘প্রবাসীরা অর্জিত অর্থ পাঠায়, বেশির ভাগ ক্ষেত্রেই এ অর্থ নতুন বাড়ি বানিয়ে শেষ করে। কিন্তু সেটা বিনিয়োগে রূপান্তর করা গেলে তাদের আয়ের উৎস বাড়বে। কমিশন সে বিষয়টির উপর জোর দিচ্ছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন