ঢাকা: গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে জনগণের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ করেছে যুব জাগপা। বুধবার (৯ মার্চ) সকালে ঢাকা মহানগর উত্তর যুব জাগপার নেতাদের সাথে দলীয় কার্যালয়ে আলোচনায় এ অভিযোগ করেন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি মীর আমির হোসেন আমু।
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার দর্শনের বদলে সরকার এখন মুক্তবাজার চেতনার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। চলমান লুটপাটতন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটানোর লড়াইয়ে দেশের মানুষকে শামিল হতে হবে।’
আমির হোসেন বলেন, ‘গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে জনগণের পকেট কাটা হচ্ছে। লুটপাটের ধাক্কায় বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে।’
যুব জাগপার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল রাজা বলেন, ‘সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ী-সিন্ডিকেট দাম বাড়িয়েই চলেছে। ‘দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া’র ধাক্কায় মানুষের দৈনন্দিন জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুতদারদের ‘পাহারাদার’ হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। সাধারণ মানুষের প্রতি সরকারের কোন দায় নেই।’
অন্য বক্তারা গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, গণবণ্টন ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করা, ন্যায্যমূল্যের দোকান চালু, অবৈধ ব্যবসায়ী-সিন্ডিকেট ভেঙে দেয়া, লুটেরা-মজুতদার-মুনাফাখোর-মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের দাবি জানান।
তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, আতিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুব নেতা আতিকুল ইসলাম আতিক, মাহমুদুল হক রাব্বী, শরিফ তালুকদার, ইকরাম চৌধুরী।
প্রেস বার্তা/সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন