চলমান ডেস্ক: দুই বছর পর যুক্তরাষ্ট্রে বাংলা বর্ষ বরণের অনুষ্ঠান করেছে দেশটিতে প্রবাসীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আর্টস (বিপা)।
নিউইয়র্কের জ্যামাইকায় তিন ঘণ্টার মনোমুগ্ধকর অনুষ্ঠানে অংশ নেয় বিপার দেড় শতাধিক শিক্ষার্থী। তাদের নাচ, গান, আবৃত্তি আর অভিনয়ে বিমোহিত হন দর্শকরা।
অনুষ্ঠান শুরু হয় লোকসংগীত দিয়ে। এ পর্বের নাম ‘সহজ মানুষ’। বিপার শিল্পীরা গাইলেন হাসন রাজার আত্মশুদ্ধির গান। সাথে বাউলিয়ানা সাজে নৃত্য পরিবেশনা ছিল দৃষ্টিনন্দন।
বাংলাদেশের উর্বর মাটিতে যেমন সোনার ফসল ফলেছে, তেমনি এ অঞ্চলে হিন্দু-বৌদ্ধ-মুসলমানের পাশাপাশি বাউল, সুফি, বৈষ্ণবসহ বিভিন্ন ধর্মের প্রচলন ছিল। আর সারা জীবন মানব ধর্মের প্রচার করে গেছেন লালন ফকির। বিপার অনুষ্ঠানে গানে গানে উঠে আসে সে সব ইতিহাস-ঐতিহ্য।
চার ভাগে বিভক্ত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব ছিল শিশুদের পরিবেশনায় সংগীত ‘রঙের ঝর্ণা’। বিদেশে জন্ম নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত শিশুরা যেমন গাইল আনন্দের গান, তেমনি দর্শকদের নিয়ে যায় মাতৃভূমির স্মৃতিতে।
বিপা এবারের আয়োজনেও ছিল নানা বাধা-বিপত্তি। সময়মত অনুষ্ঠানের জন্য ভেন্যুও পাওয়া যায় নি। নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে ফের করোনার সংক্রমণ বাড়ছে। এর মধ্যেও প্রায় দেড়শ’ শিল্পী নিয়ে বর্ষ বরণের এ আয়োজন যেন ছিল প্রবাসে এক সাংস্কৃতিক মহাযজ্ঞ।
অনুষ্ঠানে শেষ পরিবেশনা ছিল কাব্য নৃত্য ‘বিদ্রোহী’। কাজী নজরুল ইসলামের তারুণ্যে লেখা প্রায় ১৫০ পঙক্তির ভুবনজয়ী এ কবিতার নৃত্যারূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকরা।
সাবিনা শারমিন নিরু ও শাইয়ান শারমিন সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নিউইয়র্কের কনসাল জেনারেল মনিরুল ইসলাম, বিপার অন্যতম কর্ণধার সেলিমা আশরাফ, অ্যানি ফেরদৌস, নিলুফার জাহান, সংগীত পরিচালক নাদীম আহমেদ, আবৃত্তি শিল্পী নজরুল কবির, ক্লারা রোজারিও, মৃদুল আহমেদ।
মনিরুল ইসলাম বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিপার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলা সংস্কৃতিকে পৃথিবীর বুকে তুলে ধরতে প্রবাসীদের বিশেষ ভূমিকা রয়েছে। এসব সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সচেষ্ট হচ্ছেন।’
অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন সৈয়দা জ্যোতি, মিনহাজ সাম্মু, শফিক মিয়া, লেমন চৌধুরী, নাজমা ইসলাম, সোনিয়া মোতালেব, মধুমিতা দাশগুপ্তা, পিনাক পাণি গোস্বামী, শেখ সিরাজুল ইসলাম, সোহানী ইসলাম, নামিয়া আমিন, জারিন মাইশা, সৈয়দ ইমন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন