শনিবার, ২০ জুন ২০২৬

শিরোনাম

বিশ্বকাপ থেকে আয়ের পূর্বাভাস অর্ধেকে নামলো নিউইয়র্কের হোটেলগুলো

শুক্রবার, জুন ১৯, ২০২৬

প্রিন্ট করুন

ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে নিউইয়র্ক সিটির হোটেল শিল্প যে বড় ধরনের আয়ের প্রত্যাশা করেছিল তা এখন অর্ধেকে নেমে এসেছে। ফেব্রুয়ারির এক পূর্বাভাসে বিশ্বকাপ চলাকালীন হোটেল খাত থেকে প্রায় ২০০ মিলিয়ন ডলার আয় হবে বলে ধারণা করা হলেও তা এখন ১০০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় হোটেল অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক সিটি (এইচএএনওয়াইসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্প সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছিলেন বিশ্বকাপের বুকিং লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হচ্ছে। একে ‘প্রজন্মে একবার আসা অর্থনৈতিক সুযোগ’ হিসেবে দেখা হলেও বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। আমেরিকান হোটেল অ্যান্ড লজিং অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক পর্যটনে মন্দার কারণে নিউইয়র্কের প্রায় ৬০ শতাংশ হোটেল মালিক প্রত্যাশার চেয়ে কম বুকিং পাচ্ছেন।

সংগঠনটি জানায়, আন্তর্জাতিক পর্যটকরা সাধারণত দেশীয় পর্যটকদের তুলনায় গড়ে চার গুণ বেশি খরচ করেন। ফলে এই পর্যটকদের আগমন কমে যাওয়ায় পুরো হোটেল খাতে বড় ধরনের আয় ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া ভিসা জটিলতা, ভ্রমণ নিষেধাজ্ঞা, অভিবাসন নিয়ন্ত্রণ এবং বিভিন্ন বিধিনিষেধ বিদেশি পর্যটকদের আগমন আরও কমিয়ে দিয়েছে। একই সঙ্গে বৈশ্বিক সংঘাত পরিস্থিতি, বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, হোটেল ব্যবসায় অতিরিক্ত ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ক্ষতির প্রভাব ফেলেছে বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে বড় ধরনের শ্রমিক ধর্মঘটের শঙ্কা থাকলেও শেষ মুহূর্তে তা এড়ানো সম্ভব হয়েছে। হোটেল শ্রমিক ইউনিয়নের সঙ্গে চুক্তির মাধ্যমে ধর্মঘট ঝুঁকি কমানো হয়, যা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে খাত সংশ্লিষ্টরা মনে করছেন। একই ধরনের পরিস্থিতি লস অ্যাঞ্জেলেসেও প্রায় তৈরি হয়েছিল বলে জানায় সংগঠনটি।

সংগঠনটি জানায়, ধীর রাজস্ব প্রবৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান পরিচালন ব্যয় এবং দীর্ঘস্থায়ী পর্যটন মন্দা—সব মিলিয়ে নিউইয়র্কের আতিথেয়তা খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই খাতটি প্রায় ৪০ হাজার হোটেল কর্মী এবং ৪ লাখের বেশি আতিথেয়তা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, পাশাপাশি শহরের বিলিয়ন ডলারের কর রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস।

হোটেল অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক সিটির প্রেসিডেন্ট ও সিইও বিজয় দণ্ডপাণি বলেন, বিশ্বকাপ ঘিরে যে অর্থনৈতিক সমৃদ্ধির আশা করা হয়েছিল তা বাস্তবে পূরণ হচ্ছে না। তার মতে, ক্রমবর্ধমান খরচ ও আন্তর্জাতিক পর্যটনের দীর্ঘমেয়াদি দুর্বলতার কারণে শিল্পটি প্রত্যাশার মাত্র অর্ধেক আয় করতে পারে। তিনি আরও সতর্ক করেন, যথাযথ পদক্ষেপ না নিলে নিউইয়র্ক ভবিষ্যতের বড় পর্যটন ইভেন্ট থেকেও ক্ষতির মুখে পড়তে পারে।

প্রসঙ্গত, হোটেল অ্যাসোসিয়েশন অফ নিউইয়র্ক সিটি ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম হোটেল অ্যাসোসিয়েশন এবং দেশের অন্যতম প্রাচীন পেশাদার বাণিজ্য সংগঠন। সংগঠনটি নিউইয়র্ক সিটির ১১ বিলিয়ন ডলারের পর্যটন শিল্পে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। যা শহরের প্রায় ৩০০টি সেরা হোটেলের প্রতিনিধিত্ব করে। এই হোটেলগুলোতে ৮০ হাজারেরও বেশি কক্ষ এবং প্রায় ৫০ হাজার কর্মী রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন