চট্টগ্রাম: প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রোববার বিশ্ব কুষ্ঠ দিবস হিসেবে পালন করা হয়। রোববার ৩০ জানুয়ারি বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশে কুষ্ঠরোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। মূলত কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা ও এ রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। জনবিচ্ছিন্ন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সমাজে পুনঃগ্রহণ, সব প্রকার কুষ্ঠজনিত কুসংস্কার দূরীকরণ, এসব লক্ষ্যকে সামনে নিয়ে জনসাধারণ এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সঠিক তথ্য ও শিক্ষা দেয়াই এ দিবসের লক্ষ্য।
রোববার (৩০ জানুয়ারি) বিকালে ৬৯তম বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে অসহায় দারিদ্র্য জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ওষুধ ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ডাক্তার মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। প্রধান বক্তা ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক মুহাম্মাদ শফিকুল ইসলাম।
মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বলেন, ‘দুরারোগ্য এ ব্যাধি এক সময় মানুষের মৃত্যুর কারণ ছিল। চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নের ফলে কুষ্ঠ রোগের চিকিৎসা ব্যবস্থা আবিস্কার করা সম্ভব হয়েছে। জাতীয় রোগী কল্যাণ সোসাইটি সারা দেশে পর্যায়ক্রমে রোগীদের অধিকার ও চিকিৎসা সেবা নিশ্চিত কাজ করে যাচ্ছে। আজ বেশ কিছু অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির সদস্য মুহাম্মাদ ইয়ার আহমদ জিলানী। উপস্থিত ছিলেন মুহাম্মাদ আলাউদ্দীন সওদাগর, রাসেল সওদাগর, মুহাম্মাদ সামিদুল ইসলাম, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির অফিস সহকারী মুহাম্মাদ আনোয়ার হোসাইন সুমন কমলনগরীসহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন