সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

বেপজা অর্থনৈতিক অঞ্চলে কানাডা-চীন কোম্পানির ৫.৭৪ মিলিয়ন ডলার বিনিয়োগ

বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে বৈচিত্র্যময় পণ্য প্রস্তুতকারী শিল্প স্থাপনের লক্ষ্যে কানাডা-চীন মালিকানাধীন কোম্পানি মেসার্স গুডউড (ঢাকা) কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি সই করেছে বেপজা। শতভাগ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি পাঁচ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে; যেখানে এক হাজার ৯৯০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং গুডউড (ঢাকা) কোম্পানির প্রজেক্ট ম্যানেজার লি জিন মঙ্গলবার (৫ এপ্রিল) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি সই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।

গুডউড (ঢাকা) কোম্পানি বছরে দশ হাজার টন কাঠের তৈরি বিভিন্ন ধরনের ডিসপোজেবল কাটলারি (ছুরি, চামচ, কাঁটাচামচ, স্ট্যারার) এবং মেডিকেল পণ্য (সোয়াব, টাং ডিপ্রেসর) উৎপাদন করবে। দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বৈচিত্র্যায়নের মাধ্যমে পোশাক খাতের উপর একক নির্ভরতার ঝুঁকি কমিয়ে দেশের অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে বেপজা। এ প্রচেষ্টার অংশ হিসেবে গুডউড (ঢাকা) কোম্পানির সাথে বেপজা চুক্তি সই করল।  

উল্লেখ্য, গুডউড (ঢাকা) কোম্পানিসহ মোট সাতটি প্রতিষ্ঠানকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য অনুমতি দিল বেপজা। এর আগে লিজ চুক্তি স্বাক্ষরকৃত ছয়টি প্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১১৪ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার; যেখানে ৩২ হাজার ৯৬২ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন