চট্টগ্রাম: হংকং (চীন) মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ক্যাম্পভ্যালি চট্টগ্রাম লিমিটেড ৫৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে একটি ক্যাম্পিং সামগ্রী ও গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে।
এ লক্ষ্যে বেপজা ও ক্যাম্পভ্যালি চট্টগ্রামের বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি সই হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ক্যাম্পভ্যালি চট্টগ্রামের চেয়ারম্যান হং উ লি চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বছরে দুই কোটি ১৪ লাখ পিস তাঁবু, ব্যাগ ও ব্যাকপ্যাক, ক্যাম্পিং চেয়ার ও ফার্নিচার, লাগেজ, স্লিপিং ব্যাগ, বিভিন্ন ধরনের নিট ও ওভেন পোশাক, গ্যাজেবো, ছাতা, ম্যাট্রেস ও ফার্নিচার ফ্রেম উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে নয় হাজার ৩৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে এ কোম্পানির তাবু প্রস্তুতকারী আরো দুইটি প্রতিষ্ঠান রয়েছে।
বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য এর আগে আরো পাঁচটি প্রতিষ্ঠানের সাথে লিজ চুক্তি সই করেছে বেপজা। প্রতিষ্ঠানগুলো ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে; যেখানে ২৩ হাজার ৫৮২ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন