শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ভোলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু, হরতালের ডাক

বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা গেছেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর প্রতিবাদেই হরতাল ডাকা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।

এছাড়া ঢাকা মহানগর বাদে সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটি আগামী শনিবার রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করবে।

বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান জানান, বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। এছাড়া সকাল থেকে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

এদিকে ছাত্রদল নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করে হত্যা সরকারের এক অশুভ পরিকল্পনার অংশ। বিদ্যুৎ, জ্বালানি ও সারসহ ভয়াবহ আর্থিক সংকটকে ধামাচাপা দেওয়ার জন্য মানুষের চোখকে অন্যদিকে সরাতেই আব্দুর রহিম এবং নুরে আলমের হত্যাকাণ্ড সুপরিকল্পিত। বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিতেই ভোলায় বিএনপির দুজন বলিষ্ঠ নেতাকে হত্যা করা হলো।

নুরে আলম ভোলা পৌর ৫ নম্বর ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার আবু সালেহর ছেলে। ভোলা সরকারি কলেজ থেকে মাস্টার্স পাশ করা নূরে আলম ২০১৮ সালে জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পান। চার ভাই ও তিন বোনের মধ্যে নুরে আলম সবার ছোট। সর্বশেষ গত রোববার গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলা জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশি নিয়ে গুলিবিদ্ধ হোন তিনি। অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে বুধবার জমিয়েছেন পরপারে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন