শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

মহান স্বাধীনতা দিবসে বিএনপির শোভাযাত্রা

শনিবার, মার্চ ২৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা করছে বিএনপি। শনিবার বিকেল রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে পুরানা পল্টন ও জাতীয় প্রেসক্লাব হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশের জন্য ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চেই টানানো হয় ব্যানার। অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে র‌্যালির উদ্ধোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা ১২টা থেকেই ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা, দলীয় পতাকা, ঘোড়ার গাড়ি, ট্রাক ও ঢোলসহ বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী শোভাযাত্রায় যোগ দেন। এর ফলে নয়াপল্টন-ফকিরাপুল এবং আশপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় খালেদা জিয়ার মুক্তি এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন তারা। র‌্যালিতে বেশিভাগ ব্যানারে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান লেখা দেখা গেছে।

শোভাযাত্রা ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যালয়ের আশপাশে সাদা পোশাকেও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া নয়াপল্টন, পুরানা পল্টন ও জাতীয় প্রেসক্লাবের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশও মোতায়েন করা হয়েছে।

শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো সময় আছে নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না। স্বাধীনতার শোভাযাত্রার মাধ্যমে সরকারের কাছে এই বার্তা যাচ্ছে, সরকারের দিন শেষ। দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে ফখরুল বলেন, ১৯৭১ সালে চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। নয় মাস কারাবরণ করেছেন। আমাদের নেত্রী তিনি এর মাধ্যমে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের কাছে চিহ্নিত হয়েছেন।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম। এছাড়া শোভাযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন