চলমান ডেস্ক: রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালাতে পারে এমন আশঙ্কাকে কেন্দ্র করে মার্কিন দূতাবাস কর্মীদের দ্রুত ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২২ জানুয়ারি) ফক্স নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগামী সোমবারের মধ্যে ইউক্রেনে অবস্থানরত সব মার্কিন দূতাবাস কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, মার্কিন নাগরিকদের বাণিজ্যিক বিমানে করে জরুরি ভিত্তিতে ইউক্রেন ত্যাগ করতে হবে। কারণ দুই দেশের মধ্যে এখনও বাণিজ্যিক ফ্লাইট চালু আছে। যে কোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া— এ আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের দ্রুত দেশটি থেকে নিরাপদে সরিয়ে নিচ্ছে।
তবে এ বিষয়ে এখনো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করেছেন, যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন