শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

মালেশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

বুধবার, ডিসেম্বর ২২, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 43

চলমান ডেস্ক: মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী দাতো সেরি হামজা বিন জয়েনউদিনের সাথে সোমবার (২০ ডিসেম্বর) বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বৈঠকে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়।

মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে প্রশাসনিক শহর পুত্রজায়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ থেকে সব সেক্টরে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন সমঝোতা স্মারক সই করায় বাংলাদেশের মন্ত্রী অভিনন্দন জানিয়ে বলেন, ‘শ্রম অভিবাসনের ক্ষেত্রে কর্মীর কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে এবং এ ক্ষেত্রে একজন কর্মীও যাতে কোনরূপ হয়রানির শিকার না হন, সে বিষয়ে বাংলাদেশ সরকার সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত আছে।’

এ প্রসঙ্গে তিনি মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণ এবং তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন।

অভিবাসন ব্যয় যৌক্তিকভাবে নির্ধারন করা, দক্ষ এবং মালয়েশিয়ার আইন ও সংস্কৃতি জ্ঞানসম্পন্ন কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয় উল্লেখ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘শ্রম অভিবাসনের নামে যাতে কোনভাবে মানবপাচারের ঘটনা সংঘটিত না হয়, সে বিষয়ে বাংলাদেশ পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ বিষয়ে বাংলাদেশ মালয়েশিয়াকে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত আছে।’

এছাড়াও বাংলাদেশ থেকে নিরাপত্তা কর্মী নিয়োগে মালয়েশিয়ার সাম্প্রতিক গৃহীত সিদ্ধান্তের জন্য তিনি সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে মালয়েশিয়ার চাহিদা অনুযায়ী দক্ষ, প্রশিক্ষিত ও সুশৃংখল কর্মী পাঠানেত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।  প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সহসাই বাংলাদেশ সফরের আগ্রহ দেখান।

পুত্রজায়ায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মো. গোলাম সারোয়ার এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল উপস্থিত ছিলেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন