মিজোরাম, ভারত: ভারতের মিজোরাম রাজ্য ও বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে মিজোরাম সীমান্তে একটি বর্ডার হাট স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। মিজোরাম সফররত বাণিজ্য মন্ত্রী ওই রাজ্যের বাণিজ্য ও শিল্প মন্ত্রী আর লালথাংলিয়ানার সাথে সোমবার (২৫ এপ্রিল) একটি যৌথ বিবৃতি সইয়ের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
টিপু মুনশি বলেন, ‘মিজোরামের সিলসুরি ও বাংলাদেশের সীমান্ত এলাকা সাজেকে একটি বর্ডার হাট স্থাপনের বিষয়ে মিজোরাম সরকার যে প্রস্তাব দিয়েছে, তাতে বাংলাদেশ সম্মতি জানিয়েছে।’
তিনি বলেন, ‘উভয় দেশ একমত যে, মিজোরামের সাথে বাংলাদেশের বিপুল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক, নির্মাণ সামগ্রী, প্লাস্টিক ও খাদ্য পণ্যসহ বিভিন্ন পণ্য মিজোরামে রপ্তানি করা সম্ভব। সেখানে এসব পণ্যের বিপুল চাহিদা রয়েছে। একই সাথে মিজোরামের পাথর, হলুদ, আদা, মরিচ, বাঁশ ইত্যাদি বাংলাদেশে আমদানি করার সুযোগ আছে।’
মিজোরাম সীমান্তে বর্ডার হাট স্থাপন হলে বাংলাদেশের সাথে এ রাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে মনে করেন টিপু মুনশি।
বাণিজ্য মন্ত্রী বলেন, ‘লুসাই পাহাড়ের অবস্থান মিজোরামে, কর্ণফুল নদী লুসাই পাহাড় হতে উৎপত্তি হয়ে বাংলাদেশের চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত।’
নৌপথ ব্যবহার করে মিজোরামের সাথে বাংলাদেশের পণ্য পরিবহন ও বাণিজ্য বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই করার আশ্বাস দেন তিনি।
বাণিজ্য মন্ত্রী সেখানকার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত সমৃদ্ধ হচ্ছে। উন্নয়ন এখন দৃশ্যমান।’
তিনি জানান, বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের মত প্রতিবেশি দেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। প্রতিবেশিদের সাথে বাণিজ্য বৃদ্ধির পরিবেশ তৈরি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কাজ করছে বাংলাদেশ সরকার।’
আর লালথাংলিয়ানা বলেন, ‘বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ও নৌপথ ব্যবহার করে উভয় দেশের পণ্য পরিবহন ও বাণিজ্য বৃদ্ধি করার সুযোগ রয়েছে। এ বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘বর্ডার হাটের বিষয়ে উভয় দেশের মানুষ আগ্রহী। এখানে বর্ডার হাট স্থাপন হলে পারস্পরিক যোগাযোগ স্থাপনের পাশাপাশি বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি পাবে। এতে লাভবান হবে উভয় দেশ।’
টিপু মুনশি গত শুক্রবার (২২ এপ্রিল) থেকে সোমবার (২৫ এপ্রিল) পর্যন্ত মিজোরাম রাজ্য সফর করছেন। এ সময় তিনি মিজোরাম রাজ্যের বাণিজ্য ও শিল্প মন্ত্রীর সাথে বর্ডার হাট স্থাপনের সম্ভাব্য স্থান সীমান্ত এলাকা সিলসুরি-সাজেক পরিদর্শন করেন।
সফরকালে টিপু মুনশি মিজোরামের মুখ্য মন্ত্রী জোরামথাঙ্গা ও মিজোরাম রাজ্য সভার স্পিকার লালরিনলিয়ানা সাইলোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও উভয় দেশের সার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
মিজোরাম সরকারি দলের ডেপুটি চিফ হুইপ লালরিন্টলুয়াঙ্গা সাইলো, মিজোরাম সরকারের কমার্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান কে লালডাংলিয়ানা এ সময় উপস্থিত ছিলেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন